খেলোয়াড় ফেরত চেয়েছিলেন ওটিস গিবসন

আপডেট : ১১ মে ২০১৯, ২১:৩৯

স্পোর্টস রিপোর্টার

দক্ষিণ আফ্রিকার কোচ ওটিস গিবসন চেয়েছিলেন, আইপিএলে থাকা তার বিশ্বকাপ দলের খেলোয়াড়রা মে মাসের শুরুতেই দেশে ফিরে আসুক। তিনি এই ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহীকে চিঠিও দিয়েছিলেন বলে জানিয়েছে ক্রিকইনফো। কিন্তু এই ঘটনার পরবর্তী প্রতিক্রিয়া অনুমান করে সিএসএ অনুরোধটা ভারতীয় বোর্ড পর্যন্ত পাঠায়নি বলেও দাবি করেছে ক্রিকইনফো।

টাইমলাইভ নামে একটি সংস্থা দাবি করেছে, ২০১২-২২ মৌসুমে ভারতের যে দক্ষিণ আফ্রিকা সফর করার কথা, সেটা হুমকিতে পড়ে যেত খেলোয়াড়দের ডেকে পাঠালে। ভারতের একটা সফর মানে, যে কোনো আয়োজক বোর্ডের জন্য সেটা বিরাট একটা লাভের ব্যাপার। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের আগামী চার বছরে ৬৫৪ মিলিয়ন র্যান্ড লোকসান হবে বলে অনুমান করা হচ্ছে। এ অবস্থায় তারা আরো লোকসানের ঝুঁকি বাড়ানোর মতো কোনো কাজ করবে না।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, কুইন্টন ডি কক ও ক্রিস মরিস; বিশ্বকাপ দলের এই কয়েকজন সদস্য এখনো আইপিএল খেলছেন। ডু প্লেসিস ও তাহির ফাইনালে ওঠা চেন্নাই সুপার কিংয়ের সদস্য। অন্য দিকে রবিবার ফাইনালের আরেক প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছেন ডি কক।

কাগিসো রাবাদাও এক সপ্তাহ আগে পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের দলে ছিলেন। কিন্তু পিঠে ব্যথার অভিযোগে তিনি দেশে ফিরে এসেছেন। তার ফিরে আসাটাও খুব মসৃণ ছিল না। দিল্লি তাকে সহজে ছাড়তে চায়নি। তবে দক্ষিণ আফ্রিকার ফিজিও ক্রেইগ গোভান্ডার ওই সময়ে দিল্লিতে ছিলেন। তিনি চাপ দিয়ে রাবাদাকে দেশে ফেরান।

সমস্যাটা হয়েছে, আইপিএল শুরুর আগে সিএসএ ভারতীয় বোর্ডকে নিশ্চিত করে যে, তাদের সব খেলোয়াড়কে মৌসুমের শেষ পর্যন্ত আইপিএলে পাওয়া যাবে। কিন্তু বিশ্বকাপ কাছে আসায় গিবসন চেয়েছিলেন, তার গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা অন্তত মে মাসের প্রথম সপ্তাহে ফিরে আসুক।

অবশ্য ক্রিকইনফোর এইসব দাবির পক্ষে কোনো কথা বলেনি সিএসএ। তাদের একজন মুখপাত্র বরং টাইমসলাইভকে বলেছেন, তারা এরকম কিছু জানেন না। তবে ওই মুখপাত্র স্বীকার করেছেন, আইপিএল থেকে খেলোয়াড় ফেরানোর সিদ্ধান্ত নেওয়া সব বোর্ডের পক্ষে সম্ভব হয় না, ‘আমরা এরকম (গিবসনের অনুরোধ) কোনো কিছু জানি না। তবে আমরা এটা বুঝি যে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের খেলোয়াড়রা এখনো আইপিএল খেলছে। আমরাও তাদের মতো চাই, আমাদের খেলোয়াড়রা আইপিএল থেকে বেশি আয় করুক। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের বোর্ডই কেবল পারে খেলোয়াড় আগে ফিরিয়ে নিয়ে যাওয়ার ধাক্কা সামলাতে।’

ইংল্যান্ডের জস বাটলার, বেন স্টোকস, জোফরা আর্চার, স্যাম বিলিংস ও জনি বেয়ারস্টোকে ২৬ এপ্রিলের মধ্যে দেশে ফেরার নির্দেশ দিয়েছিল ইসিবি। অন্য দিকে বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিজেদের চার খেলোয়াড়কে ৩০ এপ্রিলের মধ্যে দেশে ফিরিয়ে নিয়ে গেছে অস্ট্রেলিয়া।