‘চিত্রনাট্যের’ বাস্তবায়ন দেখছেন ধোনি

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:৩৬
ভারতীয় দলপতি মহেন্দ্র সিং ধোনি ম্যাচ শেষে বললেন, এটা এমন একটা দিন ছিল যেদিন সবকিছুই ছিল আমাদের পক্ষে। আক্ষরিক অর্থেই দিনটি ছিল তেমনই। টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দলটি গত বৃহস্পতিবারের সেমিফাইনালে শ্রীলঙ্কাকে আট উইকেটে পরাজিত করে পৌঁছে গেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। শিরোপার লড়াইয়ে আগামী রবিবার স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। মাত্র মাসদুয়েক আগেও চিত্রটা ছিল অন্যরকম। বিশ্বকাপের পর সবধরনের ক্রিকেটেই নিজেদের ছায়া হয়ে থাকা ভারত দেশের মাটিতে হেরেছিল ইংল্যান্ডের কাছে। এরপরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও অসহায় আত্মসমর্পণ করে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে। ইংল্যান্ডের চিরাচরিত পেসবান্ধব উইকেটে আরেকবার নাস্তানাবুদ হবে, টুর্নামেন্টের আগে এমন ধারণা করেছিলেন অনেকেই। কিন্তু টুর্নামেন্ট শুরু হতে না হতেই পাল্টে গেল সবকিছু। প্রস্তুতি ম্যাচের ফর্মকে মূল টুর্নামেন্টে টেনে নিয়ে এসে ভারতের ব্যাটসম্যানরা হয়ে উঠলেন অপ্রতিরোধ্য। তাদের চিরকালের দুর্বলতা পেস বোলিংও হয়ে উঠলো ধ্বংসাত্মক। সঙ্গে দুর্দান্ত ফিল্ডিং। আর এই তিনের যোগফল হিসেবে কোন ম্যাচ না হেরেই ফাইনালের টিকেট কাটলো তারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচেও কাগজে কলমে এগিয়ে ছিল ভারতই। টস জয় থেকে শুরু করে আগে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত, বোলার নির্বাচন এবং বোলারদের পারফরম্যান্স ধোনির পক্ষে ছিল এদিন সবকিছুই। ফলে দুই এশিয়ান পরাশক্তির লড়াইকে দারুণ একপেশে বানিয়ে ১৫ ওভার আর আট উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছালো ধোনির দল। ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে ধোনি বললেন ঠিক সেই কথাটিই, ‘আমার মনে হয় দুর্দান্ত একটা চিত্রনাট্য ছিল এটা। টসে জেতাটা ছিল গুরুত্বপূর্ণ। বোলারদের শুরুটাও ছিল দারুণ। দুর্ভাগ্যজনক ভাবে শ্রীলঙ্কা দিলশানের উইকেটটি হারায়। আর আমরা পুরোপুরি এটার সুযোগ নেই। বিশেষ ভাবে বলতে হয় স্পিনারদের কথা। আমার মনে হয় দলে দলে কিছু মানসম্পন্ন বোলার থাকা খুবই গুরুত্বপূর্ণ। বলও বেশ মুভ করছিল। তাই শেষ দিকে পেসারদের জন্য কয়েকটা ওভার রেখে দিতে চাচ্ছিলাম।’ ম্যাচের একমাত্র চমকটাও এসেছে ধোনির হাত ধরেই। কারণ, দিনেশ কার্তিকের হাতে উইকেট রক্ষকের গ্লাভস তুলে দিয়ে বল হাতে বেশ কয়েকটা ওভারও করেছেল তিনি! বললেন সে বিষয়েও, ‘ভুবনেশ্বর (কুমার) ৮-৯ ওভার বল করে ফেলেছিল। তাই আমি ভাবলাম খারাপ হলেও এক ওভার বল করবো। ওভারটা ভালোই হলো, তাই আরো কয়েক ওভার করলাম।’ অন্যদিকে পরাজয়ের জন্য লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথিউস দুষলেন টস ভাগ্যকে। টসে জিতলে তিনিও আগে ফিল্ডিং নিতেন জানিয়ে ম্যাথিউস বলেন, ‘টসটা ছিল গুরুত্বপূর্ণ। কারণ বল মুভ করছিল, উইকেটে বেশ সুইয়ও ছিল। উইকেট ছিল দারুণ বেশ সহায়ক। ফলে আমাদের ব্যাটসম্যানদের ভুগতে হয়েছে। তবে ভারতীয়দের কৃতিত্ব দিতেই হবে।’ বার্মিংহামে শিরোপার লড়াইয়েও ফেভারিট থাকবে ভারতই। টুর্নামেন্টে তাদের দুর্দান্ত ফর্মই একটু হলেও স্বাগতিকদের বিরুদ্ধে এগিয়ে রাখবে তাদের। যদিও, সাম্প্রতিক ম্যাচগুলোর ফলাফল কথা বলছে ইংল্যান্ডের পক্ষেই। নিকট অতীতে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের অভিজ্ঞতাই এই ম্যাচে ভারতকে সাহায্য করতে পারে বলে মনে করছেন ধোনি। তিনি বলেন,‘ইংল্যান্ড দুর্দান্ত একটা দল। তবে গত কয়েক বছরে বেশ কয়েকবারই আমরা তাদের মুখোমুখি হয়েছি।’