আগামী অক্টোবরেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক এবং আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান রিকি পন্টিং। বর্তমানে সারের হয়ে ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলা পন্টিং ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিই হবে তার সর্বশেষ টুর্নামেন্ট।
টানা দুইবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক সাক্ষাত্কারে বলেন, ‘আমি এখনো ক্রিকেটটাকে সেই আগের মতোই ভালোবাসি। কিন্তু আমার মনে হচ্ছে খেলা থেকে দূরে সরার এটাই সর্বোত্তম সময়। আমি শারীরিক এবং মানসিকভাবে দারুণ ছন্দে আছি। আমার মনে হয় (খেলা ছাড়ার আগে) শেষ কয়েক মাস আমি ভালোভাবেই উপভোগ করতে পারবো। এরপরে শুরু হবে জীবনের নতুন অধ্যায়।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ চলাকালীন গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন পন্টিং। ১৬৮ টেস্টে ১৩৩৭৮ রান করা এই স্টাইলিশ ব্যাটসম্যান সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন শচীন টেন্ডুলকারের ঠিক পরেই। ঝুলিতে আছে তিনটি বিশ্বকাপ জয়ের বিরল অভিজ্ঞতাও। এবছরও ছিলেন শেফিল্ড শিল্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। তার ব্যাটের উপর ভর করেই তাসমানিয়া জিতেছে টুর্নামেন্টটি। বিদায় বেলায় তাই নিজেকে পরিতৃপ্তই ভাবছেন ৩৮ বছর বয়সী এই তারকা, ‘ব্লান্ডস্টোন অ্যারেনায় তাসমানিয়ার হয়ে অস্ট্রেলিয়ায় নিজের শেষ ম্যাচে শেফিল্ড শিল্ড জয়ের স্মৃতি সবসময়ই আমার হূদয়ে তাজা থাকবে। ক্রিকেট খেলাটা আমাকে এমন সব স্মৃতি উপহার দিয়েছে যার জন্য আমি সবসময়ই এটার প্রতি কৃতজ্ঞ।’ তবে বড় দৈর্ঘ্যের ক্রিকেট নয়, বিদায়ের আগে পন্টিংয়ের সর্বশেষ টুর্নামেন্টটি হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আইপিএল’র সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেলবেন তিনি। এর আগে অবশ্য অ্যান্টিগা হকসবিলস’র হয়ে সিপিএল টি-টোয়েন্টিতেও খেলবেন। ‘নতুন ইনিংসে’ পন্টিংয়ের মূল কাজ হবে স্ত্রী রিয়ানা এবং দুই কন্যাকে আরো বেশি সময় দেয়া। পাশাপাশি সময় দেবেন নিজের নামে করা ক্যান্সার ফাউন্ডেশনেও। পন্টিং বলেন, ‘সামনে যে সময়টা পড়ে আছে সেটার কথা ভেবে আমি উত্তেজিত। আমরা মেলবোর্নে স্থায়ীভাবে চলে যাচ্ছি। নিরিবিলি একটা জীবন-যাপনের জন্য এটা দারুণ হবে। আমার পরিবার এবং বন্ধুদের সঙ্গে আরো বেশি সময় কাটাতে পারবো। বেশি বেশি গলফও খেলতে পারবো। পন্টিং ফাউন্ডেশনকে আরো ভালোভাবে গড়ে তোলার ব্যাপারে রিয়ানার সঙ্গে আরো বেশি কাজও করতে পারবো।’
