অনলাইনে ছাত্র ভর্তির মাধ্যমে নটর ডেম ধ্বংসের উদ্যোগ

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:৫৩
দেশবরেণ্য শিক্ষাবিদ ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইনে ছাত্র ভর্তির এই প্রক্রিয়ার প্রধান লক্ষ্যই হচ্ছে বাণিজ্য। নটর ডেম-এর মতো আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিবর্তে বরং অস্বচ্ছ, বাজে সিস্টেম অনলাইনে ছাত্র ভর্তির গ্যাড়াকলে ফেলে নটর ডেমকেই ধ্বংস করার উদ্যোগ নিয়েছে। পরীক্ষা পদ্ধতির পরিবর্তে পরীক্ষাহীন ভর্তি ব্যবস্থা প্রবর্তনের ফলে ভর্তি বাণিজ্য নিয়ে আজ খুনোখুনিও হচ্ছে। তিনি বলেন, নটর ডেমকে প্রতিবছর হাইকোর্টের শরণাপন্ন হয়ে নিজস্ব ভর্তি প্রক্রিয়া রক্ষা করতে হচ্ছে। এতে কলেজ কর্তৃপক্ষ হয়রানি হচ্ছে। আমরা এর স্থায়ী সমাধান চাই। গতকাল সকালে নটর ডেম শিক্ষা ঐতিহ্য রক্ষা কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত ‘সুশিক্ষা বিস্তারে নটর ডেম কলেজের অবদান’ সেমিনারে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথাগুলো বলেন। ড. শাকির সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির আসন অলংকৃত করেন যথাক্রমে ড. সৈয়দ আনোয়ার হোসেন, সচিব (অব.) শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম, আর্চবিশপ (অব.) পৌলিনুস কস্তা, ডিডি, অধ্যাপক শংকর দাশ, অধ্যাপক জমির হোসেন, ড. আবু মূসা মো. আরিফ বিল্লাহ, ড. মো. আলমুজাদ্দেদী আলফেসানী, কবি বিপ্লব ফারুক, মো. মাজেদুর রহমান তালুকদার প্রমুখ। ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের এই প্রতিবাদ শুধু নটর ডেমকে রক্ষা করার জন্য নয়, বরং আমাদের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার জন্য এবং শিক্ষা নিয়ে যে বাণিজ্য চলছে তার বিরুদ্ধে। ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয় হঠাত্ করে বাংলাদেশের সবচে উন্নত এবং আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান নটর ডেম কলেজের ওপর এমন সর্বশক্তি দিয়ে হামলে পড়েছে কেন? এই কেনর কারণটাই হচ্ছে ভর্তি বাণিজ্য। শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম বলেন, নটর ডেম-এর শিক্ষা ঐতিহ্য রক্ষার আন্দোলনের সাথে ছিলাম, আছি, থাকবো। নটর ডেমকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। পৌলিনুস কস্তা বলেন, আমরা যারা ফাদার, তারা দেশে সুশিক্ষা প্রতিষ্ঠার ক্ষেত্রে অতুলনীয় অবদান রেখে চলেছি। সেই ফাদারদের শিক্ষা প্রতিষ্ঠান নটর ডেমকে ধ্বংস করা হলে তাতে দেশ-জাতি পুরোটাই ক্ষতিগ্রস্ত হবে। অধ্যাপক শংকর দাশ বলেন, যারা নটর ডেমকে ধ্বংসের চেষ্টা করছে, তারা দেশ-জাতির শত্রু। অধ্যাপক জমির হোসেন বলেন, নটর ডেমকে নিয়ে যে ষড়যন্ত্রের দেয়াল গড়ে উঠেছে, সেই দেয়াল ভাঙ্গা না হলে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। নটর ডেম শিক্ষা ঐতিহ্য রক্ষা কমিটির নেতৃবৃন্দ গোলাম কিবরিয়া বাদল, আকতার হোসেন তালুকদার শাহীন, সফিউদ্দিন খান, হাসরত খান ভাসানী শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতি ড. শাকির সবুর বলেন, দেশে একটি ভাল কলেজ থাকুক- এটা যারা চায় না, তারাই নটর ডেমে ভর্তি বাণিজ্য করে ছাত্র রাজনীতিমুক্ত পরিবেশ নষ্ট করতে চায়। -প্রেস বিজ্ঞপ্তি