আইনি জটিলতা সংক্রান্ত বাড়ি বরাদ্দ দেয়ায় সচিবসহ ৩ কর্মকর্তা তলব

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:৫৪
একটি বাড়ি নিয়ে একাধিক মামলা বিচারাধীন থাকার পরও হাইকোর্টের এক বিচারককে ঐ বাড়ি বরাদ্দ দেয়ায় তিন সরকারি কর্মকর্তাকে তলব করা হয়েছে। আগামী ১৮ জুলাই তাদেরকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। তলবকৃতরা হলেন, গৃহায়ণ ও গণপূর্ত সচিব খন্দকার শাখাওয়াত হোসেন, গণপূর্ত অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান ও সহকারী পরিচালক মাসুদুল আলম। এছাড়া সরকারের এই তিন কর্মকর্তাসহ একটি দৈনিকের সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ১৯ জুন একটি জাতীয় দৈনিকে ‘হাইকোর্টের বিচারপতিকে বির্তকিত বাড়ি বরাদ্দ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ঐ প্রতিবেদন সংযুক্ত করে ব্যারিস্টার এম মইনুল ইসলাম হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন। আবেদনের পক্ষে ব্যারিস্টার এবিএম ছিদ্দিকুর রহমান খান ও অ্যাডভোকেট রিয়াজউদ্দিন খান শুনানি করেন।