মোহামেডানের মোকাবেলায় প্রস্তুত মুক্তিযোদ্ধা

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:৫৫
দেশি খেলোয়াড় নিয়ে এতোটা গোছানো ফুটবল খুব কমই খেলতে দেখা গেছে মোহামেডানকে। সুপার কাপে তাদের এ রকম খেলার কারণ হিসাবে মোহামেডান কোচ সাইফুল বারী টিটু বলছেন তাদের দলটা এক সুতোয় গাঁথা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় সেমিফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হওয়ার আগে এ মত দেন তিনি। তাহলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এমনটা দেখা যায়নি কেন জানতে চাইলে টিটুর বক্তব্য, ‘সেটা অন্য ব্যাপার। সেই গল্পটা বলতে গেলে অনেক সময় লাগবে।’ তাই এখন তিনি আজকের সেমিফাইনাল নিয়েই ভাবছেন, কিভাবে মুক্তিযোদ্ধাকে মোকাবেলা করবেন তারই পরিকল্পনা করছেন তিনি। মোহামেডান সুপার কাপ ফুটবলের গত দু’টি আসরের ফাইনালে খেলেছে । এবার তারা ফাইনালের টিকিট হাতে চায়। ভালো খেলার প্রেরণা আর আত্মবিশ্বাসই মোহামেডান ফুটবলারদের মূল মন্ত্র। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ডিফেন্ডার রজনীর দাবি-‘আমরা টুর্নামেন্টে ফেবারিট দল। দুইবার ফাইনাল খেলেছি এবারও খেলব।’ কিন্তু টিটু একমত না। তিনি বলছেন, ‘এই টুর্নামেন্টে স্পষ্ট ফেবারিট কেউ না।’ তিনি বুঝেন এটা টুর্নামেন্টের সেমিফাইনাল। একারণেই বলছেন ‘সবার জন্য সমান সুযোগ থাকবে।’ কোচ টিটুর দল গ্রুপ ম্যাচে ১-০ গোলে বিজেএমসিকে, ১-০ গোলে শেখ জামালকে হারায়। ব্রাদার্সের সাথে গোল শূন্য ড্র করে। ম্যাচ জিতলেও ১-০ ব্যবধানটা ঝুঁকিপূর্ণ ছিল। তারপরও ভাগ্য ভালো মোহামেডানের ম্যাচ জিতেছে। তারপরও ভাবছেন না মোহামেডান কোচ। কারণ তিনি মনে করছেন এই সব ম্যাচের দিনে যারা ভালো খেলবে দিনটা তাদেরই। মুক্তিযোদ্ধা গ্রুপ পর্বে আবাহনীর সাথে গোল শূন্য ড্র করে। আর সকার ক্লাবের বিরুদ্ধে ২-০ গোলে জয়ী হয়। তারপরও সেমিফাইনালে উঠতে এই দলটির পেছনে ভাগ্যের সহায়তা ছিল তাদের। কথাটা মানছেন মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক, ‘আবাহনী রাসেলের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হয়েছে আমাদের, ভাগ্যের সহায়তা তো ছিলই’। ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে শেখ জামালের কাছে ২-০ এবং স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে শেখ রাসেলের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল মুক্তিযোদ্ধা। সেই কষ্ট এখনো পীড়া দেয় মানিককে। তাই তো কাল তার ছেলেদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন, ‘শুধু খেলা খেললেই হবে না। বাড়তি খেলা খেলতে হবে। ১১ জনকেই নিজেদের বাড়তি পরিশ্রম করতে হবে।’ তিনি আরো বলেন, ‘আমি তো আগেই বলেছি সেমিফাইনালে উঠলে ফাইনালেও উঠবো, এখন দেখা যাক কি হয় মাঠে।’ বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে মোহামেডান মুক্তিযোদ্ধা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি আজ সরাসরি সমপ্রচার করবে বিটিভি।