মিয়া হ্যামকে ছাড়িয়ে গেলেন ওয়ামব্যাচ

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:৫৭
যুক্তরাষ্ট্রের মহিলা দলের স্ট্রাইকার অ্যাবি ওয়ামব্যাচ গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথমার্ধেই চার গোল দিয়ে ইতিহাসের অংশ হয়ে গেলেন। কেননা প্রদর্শনী ম্যাচটির সুবাদেই তিনি ভেঙে দিলেন স্বদেশী এবং সাবেক সতীর্থ মিয়া হ্যামের গড়া আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড। ওয়ামব্যাচের নৈপুণ্যে নিউ জার্সির হ্যারিসনে কোরিয়ানদের বিরুদ্ধে প্রীতি ম্যাচটিতে ৫-০ গোলে জয়ী হয় যুক্তরাষ্ট্র। ৩৩ বছর বয়সী ওয়ামব্যাচের গোলসংখ্যা এখন ১৬০টি। প্রীতি ম্যাচ খেলতে নামার আগে মিয়া হ্যামের (১৫৮) আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড থেকে দুই গোলে পিছিয়ে ছিলেন তিনি। ফিফার ২০১২ সালের বর্ষসেরা মহিলা খেলোয়াড় ওয়ামব্যাচ ২৯ মিনিটেই হ্যাটট্রিক করে মিয়া হ্যামকে পেছনে ফেলেন। হ্যাম ২৭৫ খেলায় ১৫৮টি গোল করেছিলেন। অপরদিকে আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের সর্বোচ্চ গোলের রেকর্ডটি ইরানের আলী দাইয়ীর (১০৯ গোল)। ওয়ামব্যাচ বলেন, ‘এটা ছিল বিশেষ এক রাত। যখন এটা ঘটে স্বপ্নের মত ছিল।’ মেগ্যান রেপিনোর কর্নার থেকে ভেসে আসা বল হেড করে জালে জড়িয়ে দিয়ে ১৫৯তম গোলটি করেছিলেন ওয়ামব্যাচ। এদিকে ২০০৪ সালে ফুটবলকে বিদায় জানানো হ্যাম বলেন, ‘আমি ওর জন্য গর্বিত।’