বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন শহরে সড়ক দখল করে আমের বাজার বসানো হয়েছে। সান্তাহার স্টেশন পার্শ্ববর্তী সান্তাহার-নওগাঁ সড়কের বিরাট এলাকা জুড়ে আমের বাজার বসানোর কারণে যানবাহন চলাচল ও স্থায়ী দোকানীদের ব্যবসা বিঘ্নিত ও পথচারীদের যাতায়াত ব্যাহত হচ্ছে।
সান্তাহার রেলওয়ে স্টেশন ও ছাতনি-ঢেকড়া হয়ে রানীনগর সড়কটি অত্যন্ত ব্যস্ত। বিশেষ করে সান্তাহার-ঘোড়াঘাট হয়ে টিকিটঘর পর্যন্ত সড়কের পূর্ব পার্শ্বে রিক্সা ও বেবিট্যাক্সির অস্থায়ী স্ট্যান্ড এবং পশ্চিমে দোকান খাবার হোটেলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চলে আসছে। এই সড়কের এক অংশ দখল করে ব্যবসায়ীরা আমের বাজার বসিয়েছেন। জনগুরুত্বপূর্ণ ও সংকীর্ণ এই সড়কে আমের বাজার বসায় যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
