সংবিধান পরিবর্তনের চিন্তা বাদ দিয়ে আলোচনায় আসুন

আপডেট : ২১ জুন ২০১৩, ২৩:০২
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিরোধী দলের প্রতি আহবান জানিয়ে বলেছেন, সংবিধান সংশোধন তো দূরের কথা, আগে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আলোচনায় আসুন। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের রূপরেখা কি হবে- তা নিয়ে আলোচনা হতে পারে। তাই সংবিধান পরিবর্তনের চিন্তা-ভাবনা বাদ দিয়ে আলোচনায় বসুন, সমঝোতা হবেই। গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় জেলা সিএনজি মালিক সমিতির সদস্যদের সাথে মতবিনিময় কালে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, ৫ বছর পরে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। এরপর সরকার একদিনও ক্ষমতায় থাকবে না। ডা. কামরুল ইসলাম মনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, জেলা জাসদ সভাপতি গোলাম মহাসীন প্রমুখ।