পিকাসোর ফুলদানি ১৫ লাখ ৩০ হাজার ডলার

আপডেট : ২১ জুন ২০১৩, ২৩:০৩
বিশ্বখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা ছবিসংবলিত একটি ফুলদানি সবচেয়ে দামী ফুলদানিতে পরিণত হলো। গত বুধবার লন্ডনে নিলামে উঠলে ১৫ লাখ ৩০ হাজার ডলারে ফুলদানিটি বিক্রি হয়। গতকাল বৃহস্পতিবার নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজের পক্ষ থেকে দাবি করা হয়, বিশ্বে এ পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ফুলদানি এটি। ‘গ্র্যান্ড ভ্যাস অক্স ফেমস ভয়েলস’ নামের এ ফুলদানিটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল তিন লাখ ৮৬ হাজার ডলার। পরে অনুমিত মূল্য পাঁচ লাখ ৪১ হাজার মার্কিন ডলার পৌঁছে। ২৫ দশমিক ২ ইঞ্চি উচ্চতার সুদৃশ্য এ ফুলদানিটির গায়ে পিকাসোর বিখ্যাত ছবি আঁকা আছে। ক্রিস্টিজের বরাত দিয়ে জাগরান ডটকমের খবরে জানানো হয়, সিরামিকের এ ফুলদানিটির সর্বোচ্চ মূল্য প্রায় ১৫ লাখ ৩০ হাজার ডলার পর্যন্ত ওঠে। ক্রেতার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।