সরকারের সুনির্দিষ্ট এজেন্ডা আলোচনা ছাড়াই গ্রহণ করবো

আপডেট : ২১ জুন ২০১৩, ২৩:০৪
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, সরকার যদি সু-নির্দিষ্ট এজেন্ডা স্থির করে, তাহলে আলোচনা ছাড়াই আমরা তা স্বাগ্রহে গ্রহণ করব। যদি সরকার অনমনীয় থাকে তাহলে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে। চারটি সিটি করপোরেশনের নির্বাচনে সরকারি সকল সুবিধা পাওয়ার পর এবং নির্বাচন কমিশনের সার্বিক সহায়তা থাকা সত্ত্বেও সরকার সমর্থিত প্রার্থীগণ বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। আজ যদি সরকারের বা নির্বাচন কমিশনের কোন সমর্থন না থাকতো তাহলে সরকারের জনপ্রিয়তার মাত্রা আরো পরিষ্কার হয়ে যেত। সেই ক্ষেত্রে তাদের সমর্থিত সকল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হত। তিনি গতকাল শুক্রবার দুপুর ১২টায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার কবি জসীম উদদ্ীন উচ্চ বিদ্যালয় মাঠে চরফকিরা ইউনিয়ন মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। চরফকিরা ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মারজাহান বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি হাসনা জসীম উদ্দিন মওদুদ। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী আবদুল হাই সেলিম, বসুরহাট পৌর বিএনপি’র সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, নুরুল আলম সিকদার, মাহমুদুর রহমান রিপন প্রমুখ। মওদুদ আরো বলেন, কলকাতার আনন্দ বাজার পত্রিকা প্রকাশ করেছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা এখন তল দেশে পৌঁছে গেছে। এই নির্বাচন জাতীয় ইস্যুর উপরেই নির্ধারিত হয়েছে। সুতরাং সরকার পরিচালনা করার নৈতিক ক্ষমতা সরকার হারিয়ে ফেলেছে।