ভারতে বন্যায় দুই শতাধিক লোকের মৃত্যু

আপডেট : ২১ জুন ২০১৩, ২৩:০৫
ভারতের উত্তরাখণ্ডে বন্যায় মৃতের সংখ্যা পাঁচশ ছাড়িয়ে গেছে। গতকাল শুক্রবার পর্যন্ত ৫৫৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আকস্মিক বন্যায় ভেসে গেছে বহু ঘরবাড়ি; বিধ্বস্ত হয়েছে রাস্তাঘাট। বিধ্বংসী বন্যা আর ভূমিধসের জেরে প্রাণহানির সংখ্যা সাড়ে পাঁচশ ছাড়িয়ে গেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। তুমুল বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যার তোড়ে ও ভূমি ধসে রাস্তাঘাট ও সেতু ভেসে যাওয়ায় প্রায় ৫০ হাজার মানুষ আটকা পড়ে আছেন বলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিণ্ডে জানিয়েছেন। বন্যায় নিখোঁজ ও আটকেপড়া লোকদের খোঁজ করতে গুগল একটি অ্যাপলিকেশন ‘পারসন ফাউন্ডার’ বের করেছে। খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার। ভারতের এই বন্যায় সরকারি সূত্রে যত প্রাণহানির কথা বলা হচ্ছে বা অনুমান করা হচ্ছে - আসলে উত্তরাখণ্ডে তার চেয়ে মৃত্যুর সংখ্যা যে অনেক বেশি, এই আশঙ্কাও এখন ক্রমশ জোরালো হচ্ছে। বন্যাকবলিত উত্তরাখণ্ডের হূষীকেশ থেকে ভারতের সাংবাদিক নন্দিতা রায় জানিয়েছেন, বন্যা যেখানে প্রথম আঘাত হানে হিন্দুদের তীর্থস্থান সেই কেদারনাথের আশেপাশে প্রায় ৬০টির মত গ্রামের অবস্থা সম্পর্কে এখনও কোনো খবর পাওয়া যাচ্ছে না। তুমুল বৃষ্টিপাতের ফলে গত রবিবার আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটলে বহু মানুষ প্রাণ হারান, আটকে পড়েন অনেক তীর্থযাত্রী এবং এখনও নিখোঁজ রয়েছেন অনেক মানুষ বলে কর্মকর্তারা জানাচ্ছেন।