খালেদার সঙ্গে সিঙ্গাপুরে তারেক-কোকোর সাক্ষাত্ নিয়ে রহস্য

আপডেট : ২১ জুন ২০১৩, ২৩:১২
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সিঙ্গাপুরে তার দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর সাক্ষাত্ নিয়ে ভিন্ন-ভিন্ন তথ্য পাওয়া গেছে। দু’জন মায়ের সঙ্গে দেখা করেছেন, দেখা করেননি, দেখা করবেন, কিংবা দেখা করার কোনো সম্ভাবনাই নেই- এর কোনটিই নিশ্চিত করতে পারেনি কোনো সূত্র। তাছাড়া বিএনপির পক্ষ থেকে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, সিঙ্গাপুরে খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। তবে বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র গতরাতে ইত্তেফাককে জানায়, খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য কোকোর স্ত্রী বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে গেছেন, আর তারেক রহমানের স্ত্রীও শাশুড়ির সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডন থেকে আজ সিঙ্গাপুর পৌঁছাবেন। বিএনপির একাধিক সূত্র জানায়, মায়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা থাকলেও তারেক ও কোকো নানা কারণেই এখন সিঙ্গাপুরে যাবেন না। লন্ডনের একটি সূত্র দাবি করেছে, তারেক রহমান গতকাল শুক্রবার সিঙ্গাপুর পৌঁছেছেন। ইতোমধ্যে তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। একই সূত্রের দাবি, কোকোও বৃহস্পতিবার সস্ত্রীক সিঙ্গাপুরে মায়ের সঙ্গে দেখা করেন। তবে তারেক রহমানের ঘনিষ্ঠ লন্ডনেরই অপর একটি সূত্র জানায়, তারেক-কোকো কেউই সিঙ্গাপুর যাচ্ছেন না। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিত্সার জন্য গত মঙ্গলবার রাতে সিঙ্গাপুর যান। আগামী ২৪ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। খোকাকে দেখতে হাসপাতালে বি. চৌধুরী ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে দেখতে গতরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গেছেন বিকল্পধারা প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। রাত পৌনে ১০টার দিকে তিনি হাসপাতালে যান। জ্বর, কাশিসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত খোকা গত চারদিন ধরে ঐ হাসপাতালে চিকিত্সাধীন। ফখরুলের সঙ্গে সিলেটের নতুন মেয়রের সাক্ষাত্ সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী গতকাল বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার উত্তরার বাসায় সাক্ষাত্ করেছেন। নির্বাচনে বিজয়ের জন্য ফখরুল তাকে বুকে জড়িয়ে অভিনন্দন জানান। নতুন মেয়রও সমর্থনসহ সর্বাত্মক সহযোগিতার জন্য বিএনপিসহ ১৮ দলীয় জোটকে ধন্যবাদ জানান। জানা গেছে, সিলেটের মেয়র নির্দলীয় সরকার ব্যবস্থার দাবিতে আগামীদিনের আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে ফখরুলের সঙ্গে আলাপ করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবও তাকে কিছু পরামর্শ দেন।