আগামী নির্বাচনে সাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদী অপশক্তিকে রুখতে ঐক্যবদ্ধ হতে হবে

আপডেট : ২১ জুন ২০১৩, ২৩:১৪
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি ও শিক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান রাশেদ খান মেনন বলেছেন, আগামী নির্বাচনে ধর্মীয় মৌলবাদ, সামপ্রদায়িক ও সাম্রাজ্যবাদী অপশক্তিকে রুখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তত্ত্বাবধায়ক নয়—নির্বাচন কমিশনকে শক্তিশালী করার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। ফুলতলা মহিলা কলেজ মিলনায়তনে গতকাল শুক্রবার সকালে খুলনা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ২৩ দফার ভিত্তিতে ১১ দল আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ নির্বাচন ও সরকার গঠন করে। কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো সন্ত্রাস, হত্যা, লুটপাট, চাঁদাবাজির মাধ্যমে জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। জোট শরীকদের অবমূল্যায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, মৌলবাদী ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সাথে আপস সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নেও সরকার করেছে সময়ক্ষেপণ। এ বিচার জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে ব্যর্থ হওয়ায় যুদ্ধাপরাধীরা তা ধর্মের সাথে গুলিয়ে ফেলতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, নির্বাচনী বৈতরণী পার হতে এদেশের সহজ-সরল ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনেও বিএনপি ও তাদের জোট এ কাজ করেছে। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক হাফিজুর রহমান ভুঁইয়া। বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য শেখ সহিদুর রহমান, আনসার আলী মোল্লা, মোজাম্মেল হক, অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান, দেলোয়ার উদ্দিন দিলু, শেখ মফিদুল ইসলাম, সন্দীপন রায়, মিজানুর রহমান প্রমুখ।