মোবাইল ফোনে প্রতারণা

উখিয়া-টেকনাফে প্রতারক চক্র গ্রাহকদের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে

আপডেট : ২১ জুন ২০১৩, ২৩:১৫
জেলার উখিয়া-টেকনাফে রেজিস্ট্রেশনবিহীন সিম বিক্রি করে মোবাইল ফোনের মাধ্যমে কমিশন দেয়ার কথা বলে স্থানীয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে আর্থিকভাবে সাধারণ গ্রাহকসহ মোবাইল সিম বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রেজিস্ট্রেশনবিহীন মোবাইল সিম বিক্রি করার ফলে প্রতিনিয়ত শত শত গ্রাহক এই প্রতারণার ফাঁদে পড়ে হচ্ছে দুর্ভোগের শিকার। কিন্তু প্রতিকারের কোন ব্যবস্থা না নেয়ায় চিহ্নিত প্রতারক চক্র অনায়াসে পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র রেজিস্ট্রেশনবিহীন সিম বিক্রি করে তাদের কাছে ফোন করে কমিশনের কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। বিভিন্ন মোবাইলের সিম ব্যবসায়ীর নির্ধারিত এজেন্টের আড়ালে এই চক্রটি এমন কাজ করছে। উখিয়া সদরের এক মোবাইল ফোন কোম্পানির এজেন্ট জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে তার অনুপস্থিতির সুযোগে ফোন করে প্রতি হাজারে ৯৫ টাকা কমিশন পাওয়ার কথা বলে ৪ হাজার হাতিয়ে নেয়। একইভাবে আরেকটি মোবাইল কোম্পানির ফোন নম্বর থেকে কমিশনের আশ্বাস দিয়ে ৫ হাজার টাকা ও অনুরূপভাবে প্রতারণার মাধ্যমে ৪ হাজার টাকাসহ ১৩ হাজার ৭শ’ টাকা হাতিয়ে নেয়।