কানাডার পশ্চিমাঞ্চলে বন্যায় হাজার হাজার লোক গৃহহীন

আপডেট : ২২ জুন ২০১৩, ২১:০৬
কানাডার পশ্চিমাঞ্চলে কয়েকদিনের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় হাজার হাজার লোক অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। আলবার্তা প্রদেশে এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইতিমধ্যে বন্যা কবলিত কেলগেরি শহরের অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে। সূত্র জানায়, কেলগেরি শহরের স্কুলসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়ার জন্য শুক্রবার ১২টির মতো হেলিকপ্টার ও ১২ হাজার সৈন্য দুর্গত এলাকায় পাঠানো হয়েছে। এখানকার বো এবং এলবো নদীর পানি বিপদসীমার উপরে চলে যাওয়ায় আশেপাশের এলাকা প্লাবিত হয়ে গেছে এবং বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। কেলগেরি শহরের মেয়র নাহিদ নেনশি অধিবাসীদের তাদের প্রয়োজনীয় মালামাল নিয়ে নিরাপদে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। মাইকে পুলিশ ঘোষণা দিচ্ছে কয়েকদিনের জন্য তারা যেন নিরাপদে চলে যান। কারণ নদীর পানি বেড়ে যাওয়ায় সামনে বিপদের আরো আশঙ্কা রয়েছে। বন্যার কারণে অনেক এলাকার বিদ্যুত্ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন।