গ্রিসে জোট সরকারে ভাঙ্গন

আপডেট : ২২ জুন ২০১৩, ২১:০৭
গ্রিসে বামপন্থি দল ডেমোক্র্যাটিক লেফট পার্টি শুক্রবার রাষ্ট্রীয় টিভি ‘ইআরটি’ সম্প্রচার বন্ধ করা নিয়ে বিরোধের মধ্যে জোট সরকার ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। গ্রিসের ক্ষমতাসীন জোট সরকারে সবচেয়ে ছোট এ দলটি বেরিয়ে যাওয়ায় পার্লামেন্টে প্রধানমন্ত্রী অ্যান্তোনিস সামারাসের সংখ্যাগরিষ্ঠতা কমে গেল। ডেমোক্র্যাটিক লেফট পার্টির আইনপ্রণেতারা শুক্রবার সামারাস সরকার থেকে মন্ত্রীদের প্রত্যাহার করে নেয়ার জন্য ভোট দিয়েছে। তবে দলটি বাইরে থেকে সরকারকে সমর্থন দেবে কিনা সে সিদ্ধান্ত এখনো হয়নি। শরিকদের সঙ্গে আলোচনা ছাড়াই প্রধানমন্ত্রী আন্তোনিস সামারাস খরচ বাঁচাতে একক সিদ্ধান্তে টেলিভিশনটির কার্যক্রম বন্ধ করায় এর ২ হাজার ৭০০ কর্মী বেকার হয়ে পড়ে। সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। পরে ইআরটি‘র কর্মচারী ইউনিয়নের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোমবার আদালত আবার টিভি সম্প্রচার শুরু করার আদেশ দেয়। কিন্তু ইআরটি সম্প্রচার কিভাবে শুরু করা হবে তা নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর বমপন্থি দলটি জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানাল। ডেমোক্র্যাটিক লেফট পার্টি ক্ষমতাসীন জোট সরকারের তিন শরিকের ছোট্ট একটি দল। এ দলটি সরকারকে সমর্থন না দিলে পার্লামেন্টে অন্য দুটি শরিক দলের কেবলমাত্র তিন আসনের সংখ্যাগরিষ্ঠতা থাকবে। এখন সরকারে দলটির অবর্তমানে দেশের ঋণ সঙ্কট সামলাতে পার্লামেন্টে কোনো পদক্ষেপ নিতে ঝামেলায় পড়তে হবে প্রধানমন্ত্রীকে। কম প্রতিনিধিত্বশীল সরকার হিসাবে গণ্য হবে গ্রিস সরকার।