সিরাজুল ইসলাম চৌধুরীর ৭৭তম জন্মদিন আজ

আপডেট : ২২ জুন ২০১৩, ২১:৫৩
স্বনামধন্য ব্যক্তিত্ব প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরীর ৭৭তম জন্মদিন আজ রবিবার। সিরাজুল ইসলাম চৌধুরী লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক। বাক-স্বাধীনতা, মানবিক অধিকার, পরিবেশ সুরক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং সামাজিক ন্যায়বিচার ও সাম্যবাদের পক্ষে তিনি সোচ্চার কণ্ঠ, প্রেরণাদায়ী ব্যক্তিত্ব। দীর্ঘকাল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন। স্বাধীনতা-উত্তর বাংলা প্রবন্ধ সাহিত্য যাদের নিরলস অবদানে সমৃদ্ধ তিনি তাদের অন্যতম। ‘নতুন দিগন্ত’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। ১৯৮০’র দশকে জনপ্রিয় কলাম ‘গাছপাথর’-এর লেখক। ছদ্মনামে তিনি দৈনিক সংবাদ পত্রিকায় সামাজিক ও রাজনৈতিক বিষয়ে এ সাপ্তাহিক প্রতিবেদন লিখে খ্যাতি অর্জন করেন। ২৩ জুন, ১৯৩৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বিক্রমপুরের বাড়ৈখালীতে। বাবার নাম হাফিজউদ্দিন চৌধুরী ও মা আসিয়া খাতুন। বাবার চাকরিসূত্রে সিরাজুল ইসলাম চৌধুরীর শৈশব কেটেছে রাজশাহী ও কলকাতায়। পড়াশোনা করেছেন ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল, নটরডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইংরেজি সাহিত্যে উচ্চতর গবেষণা করেছেন যুক্তরাজ্যের লিড্স এবং লেস্টার বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনা শেষে দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন ১৯৫৭ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট কর্তৃক দুইবার উপাচার্য হওয়ার জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। পত্রিকা সম্পাদনার সঙ্গে দীর্ঘদিন যুক্ত। সম্পাদনা করেছেন ‘পরিক্রমা’, ‘সাহিত্যপত্র’, ‘সচিত্র সময়’, ‘সাপ্তাহিক সময়’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা’, ‘ঢাকা ইউনিভার্সিটি স্টাডিস’ প্রভৃতি। তার সম্পাদনায় নিয়মিত প্রকাশিত হচ্ছে ত্রৈমাসিক সাহিত্য-সংস্কৃতির পত্রিকা ‘নতুন দিগন্ত’। সারাজীবন ধরে শিক্ষকতা আর লেখা এই তার ধ্যান-জ্ঞান। এ পর্যন্ত ৫০-এর অধিক পুস্তক প্রকাশিত হয়েছে। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অনেক পুরস্কার।