বর্ষার পানি আসার সাথে সাথেই অসাধু মত্স্যজীবী ও প্রভাবশালীদের কাছ থেকে দাদন নিয়ে, কারেন্ট, মশারী, কণা ও বেড়জাল দিয়ে মুক্ত জলাশয় গুলো থেকে ডিমওয়ালা ও পোনা মাছ ধরায় বহু প্রজাতির মাছ বিলুপ্ত হতে চলেছে।
জানা যায়, জ্যৈষ্ঠ মাসের নতুন পানিতে সব মাছ ডিম ছাড়ে। এজন্য জ্যৈষ্ঠ ও আষাঢ়ে মাছ ধরা নিষেধ করলে মদনের জলাশয়গুলোতে বড় মাছের সংখ্যা বৃদ্ধি পেতো।
অথচ এই সময়ে মদন উপজেলার ফতেপুর, তিয়শ্রী, নায়েকপুর, কাইটাইল, মদন, গোবিন্দশ্রী ও মাঘান ইউনিয়নের কিছু মত্স্যজীবী দাদন নিয়ে ডোবা, নালা, বিল ও হাওরে এমনভাবে জাল ফেলে ডিমওয়ালা মাছ ও সব ধরনের পোনা মাছ ধরছে। হাওরাঞ্চল মাঘান ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবি জানান, মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধের জন্য প্রশাসনকে অবগত করা হয়েছে।
উপজেলা মত্স্য কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম মা ও পোনা মাছ নিধনের সত্যতা স্বীকার করে অচিরেই জলাশয়গুলোতে অভিযান চালানো হবে বলে জানান।
