কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ ট্রাকচালক আটক

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:০৬
কুমিল্লায় ৫০ কেজি গাঁজা ভর্তি একটি ট্রাকসহ এর চালক বরকত আলীকে (৩৫) আটক করেছে হাইওয়ে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকা থেকে গাঁজা ও ট্রাকসহ তাকে আটক করা হয়। হাইওয়ে পুলিশের ময়নামতি ফাঁড়ির ওসি মশিউর রহমান জানান, একটি ট্রাকে গাঁজা ভর্তি করে জেলার চৌদ্দগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে- গোপন সূত্রে এমন সংবাদের ভিত্তিতে মহাসড়কের আলেখারচর এলাকায় ওই ট্রাকটি আটক করা হয়। এতে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ বরকত আলী নামে ওই ট্রাকের চালককে আটক করা হয়। আটক বরকত আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তালপট্টি গ্রামের আবদুর রাজ্জাকের পুত্র বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।