মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটায় নবগঙ্গা নদীতে বালু উত্তোলনের সময় বালুর সাথে কয়লা উত্তোলিত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উক্ত কয়লার নমুনা পরীক্ষার জন্য স্থানীয় প্রশাসন ঢাকায় পাঠাচ্ছেন। প্রতিদিন বহুলোক উক্ত কয়লা দেখার জন্য ভিড় করছেন। জানা গেছে, জেলার মহম্মদপুর উপজেলার নহাটার রনজিত্পুরে এক সপ্তাহ পূর্বে নবগঙ্গা নদীতে ড্রেজিং এ বালু উত্তোলন করা হচ্ছিল। বালু উত্তোলনের সময় বালুর সাথে কয়লার টুকরা উত্তোলিত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকে এই কয়লা বাড়িতে নিয়ে যেয়ে আগুন দিলে দেখেন সেটা জ্বলছে। এ খবর জানাজানি হওয়ার পর শুক্রবার দুপুরে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, যে কয়লা উত্তোলিত হচ্ছে তার পরিমাণ খুবই কম। এই কয়লা কি ধরনের কয়লা তা পরীক্ষার জন্য ঢাকায় ভূ-তত্ত্ব জরিপ অধিদপ্তরে পরীক্ষার জন্য শীঘ্রই নমুনা পাঠানো হবে।
