ময়মনসিংহের গৌরীপুরে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ও গ্রাহকদের স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি দিয়ে প্রগতি হেলথ কেয়ার লিমিটেড নামক প্রতিষ্ঠানটি প্রায় অর্ধকোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। খবর পেয়ে গৌরীপুর পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক মোঃ আতাউর রহমান বৃহস্পতিবার সংগঠনটির সাইনবোর্ড জব্দ করেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত প্রগতি হেলথ কেয়ার লিমিটেড (রেজিঃ নং- সি ১০১৯৮৯) নামের একটি বেসরকারি সংস্থা মা ও নবজাতক শিশুস্বাস্থ্য, পুষ্টি, চিকিত্সা, উন্নত খাবার বিতরণসহ ২২টি কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে পৌর শহরের পূর্বদাপুনিয়ায় অফিস নিয়ে কার্যক্রম শুরু করে। গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯৯টি ওয়ার্ডের প্রত্যেক ওয়ার্ডে একজন করে স্বাস্থ্য সহকারী, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় স্বাস্থ্য পরিদর্শক নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে। স্বাস্থ্য সহকারী পদে জামানত হিসাবে ২০ হাজার ও স্বাস্থ্য পরিদর্শকদের ৩০ হাজার টাকা করে নেয়া হয়। সেবা কার্ড গ্রহণের জন্য প্রত্যেক গ্রাহকের কাছ থেকে ২শ’ করে টাকা নেয়। এছাড়াও ঋণ সুবিধার জন্য সঞ্চয়ী টাকা জমা নেয়। কয়েকদিন যাবত্ সংস্থার কর্মকর্তাদের আচরণ ও কার্যক্রম সন্তোষজনক না থাকায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন জানার আগেই সংস্থার কর্মকর্তারা পালিয়ে যান।
