খাগড়াছড়িতে বাঙালি ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:০৮
গত বৃহস্পতিবার রাতে দীঘিনালা সড়কের ৬ মাইল নামক স্থানে দীঘিনালা কবাখালীর বিএনপি নেতা মোটর সাইকেল চালক চাঁন মিঞাকে (৩৮) হত্যা ও মোটর সাইকেল ছিনতাই করার ঘটনার প্রতিবাদে গত শুক্রবার বিকেলে জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম মাসুম রানার নেতৃত্বে মিছিলটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এক বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এস.এম মাসুম রানা, কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সহ-সভাপতি তাহেরুল ইসলাম সোহাগ, সাহাজল ইসলাম সজল, সিনিয়র সাধারণ সম্পাদক মোঃ মাঈনউদ্দিন। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ইউপিডিএফ-এর অস্ত্রধারী সন্ত্রাসীরা মোটর সাইকেল চালক চান মিঞাকে নির্মমভাবে খুন করেছে। তারা ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী ৪৮ঘন্টার মধ্যে এ ঘটনার জড়িতদের গ্রেফতার দাবি করেন।