ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর জামায়াতের সেক্রেটারি নজির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে কোটচাঁদপুর শহরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোটচাঁদপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহিন জানান, ২৮ ফেব্রুয়ারি দেলওয়ার হোসাইন সাইদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত শিবির পুলিশের উপর হামলা চালায়। পুলিশ আহত করা, তাদের কাছ থেকে অস্ত্র ছিনতাই, সরকারি কাজে বাধা দান ও শহর জুড়ে তাণ্ডব সৃষ্টির অভিযোগে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতকানিয়ায় জামাতের দুই নেতা গ্রেফতার
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ সাতকানিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২ জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাতকানিয়া থানার পুলিশ চন্দনাইশ উপজেলার দোহাজারি কাজী অফিসে অভিযান চালিয়ে এয়ার মোহাম্মদ (৫০) নামে এ জামায়াত নেতাকে গ্রেপ্তার করে। তিনি খাগরিয়া ইউনিয়নের পশ্চিম খাগরিয়া মৃত সৈয়দ আহমদের পুত্র এবং খাগরিয়া ইউনিয়ন জামায়াতের আমির। এদিকে একই দিন-দুপুরে সাতকানিয়া থানার পুলিশ উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে মো. ওসমান (৫৪) নামে এ জামায়াত নেতাকে গ্রেপ্তার করে। তিনি ইউনিয়নের মঙ্গলচাঁদ পাড়া এলাকার মৃত আবদুস ছমদের ছেলে এবং সোনাকানিয়া ইউনিয়ন জামায়াতের আমির।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুন-অর-রশিদ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত ২ জামায়াত নেতা সাতকানিয়ার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে ধর্মীয় উস্কানী ও সহিংসতার ঘটনায় জড়িত ছিল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।
