মংলার মিঠাখালীতে অকাল প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার কবির গ্রামের বাড়ী মিঠাখালীতে নানা কর্মসূচি পালন করেছে রুদ্র স্মৃতি সংসদ। রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে শুক্রবার সকালে সংসদ চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা মিঠাখালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার মানুষ কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করে। সন্ধ্যায় অনুষ্ঠিত স্মরণ সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান মো: নুর আলম, মংলা থানার ওসি মুনীর উল গীয়াস, রুদ্র স্মৃতি সংসদের উপদেষ্টা আফজাল হোসেন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের সভাপতি ও কবির অনুজ সুমেল সারাফাত । অনুষ্ঠান পরিচালনা করেন সংসদের সম্পাদক আসাদুজ্জামান টিটো।
