নীলফামারী জেলা শিক্ষা অফিসে জাল কাগজে শিক্ষকদের এমপিওভুক্তির অভিযোগ উঠেছে। সম্প্রতি, বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষিকার এমপিওভুক্তি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এই সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে। এ বিষয়ে ডিমলা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক জেলা শিক্ষা অফিসের অসাধু কর্মকর্তাদের সহায়তায় গত বছরের নভেম্বরে রেজিনা আক্তার জাহান ও নাসরিন আক্তারের এমপিও নিয়ে আসলেও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কোন বৈধকাগজপত্র নেই বলে অভিযোগ উঠেছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম জানান, বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের ২ জন নবাগত শিক্ষিকার কোন কাগজপত্র তার দপ্তরে নেই।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সলিমুল্লাহ জানায়, বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের দু‘জন শিক্ষকের এমপিও নিয়ে যে প্রশ্ন উঠেছে সে ব্যাপারে প্রধান শিক্ষককে ৩ বার লিখিতভাবে জবাব দিতে বলা হলেও কোন সদুত্তর পাওয়া যায়নি।
