বরিশালে দু’দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে জাতীয় নজরুল সম্মেলন গত শুক্রবার উদ্বোধন করা হয়েছে। নজরুল ইন্সটিটিউট ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে অশ্বিনী কুমার হলে সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহম্মদ ইউনুস এমপি। জেলা প্রশাসক মোঃ শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নজরুল ইনিস্টিটিউট ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান প্রফেসর এমিরিটার্স রফিকুল ইসলাম, কবি পরিবারের সদস্য বেগম খিলখিল কাজী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুল সাহিত্য আমাদের জাতীয় জীবনে অপরিহার্য বিষয়। তার দর্শন মানবতাবাদী। তার দ্রোহ প্রেম আর ভালোবাসার গান আজো আমাদের অনুপ্রাণিত করে। বক্তারা নতুন প্রজন্মকে নজরুলের অসামান্য অবদানের কথা জানাতে হবে। দু’দিনব্যাপী এ অনুষ্ঠানে নজরুল সঙ্গীত, আবৃত্তি, নৃত্য প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। যার ৬টি পর্ব বরিশাল সার্কিট হাউজ ও অশ্বিনী কুমার হলে ভিন্ন ভিন্নভাবে অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে যোগ দিতে বরিশাল বিভাগের ৬ জেলার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
