পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া সরকার পাড়া এলাকায় আছিয়া খাতুন (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালিয়ে তাকে পিটিয়ে হত্যা করে। এসময় আছিয়ার স্বামী বাড়িতে ছিল না। বোদা থানা পুলিশ ওই রাতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গত শুক্রবার পঞ্চগড় মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আছিয়ার স্বামী হায়দার আলী বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছে। আমির হোসেন নামের এজাহারভুক্ত এক বক্তিকে আটক করেছে পুলিশ। তার বাড়ি একই এলাকায়। পূর্ব শত্রুতা ও সম্পত্তি থেকে উচ্ছেদ করার উদ্দেশে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে এলাকাবাসি। পুলিশ ও এলাকাবাসী জানায়, আমির হোসেনসহ ওই এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি আছিয়ার স্বামী হায়দার আলীর বসত ভিটা ও চার বিঘা আবাদী জমি দখলের চেষ্টা করে আসছে। এক সপ্তাহ পূর্বে শাহজাহান নামের এক ব্যক্তির দুইটি ছাগল জবাই করে শাহজাহানসহ ওই ব্যক্তিরা ভাগ বাটোয়ারা করে নিয়ে, হায়দার আলীর বিরুদ্ধে বিষ প্রয়োগ করে ছাগল হত্যার অভিযোগ তুলে সালিশ ডেকে ছাগলের মূল্য দাবি করে।
