স্পেন নাইজেরিয়া ও উরুগুয়ের সেমির লড়াই আজ

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:২২
নাইজেরিয়া আজ ফিফা কনফেডারেশন্স কাপে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ খেলায় মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের। পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকলেও সেমিফাইনালে যেতে হলে বাস্তবতা বিবেচনায় জয়ের কোন বিকল্প নেই নাইজেরিয়ার সামনে। এদিনের অপর খেলায় উরুগুয়ে মুখোমুখি হবে দুর্বল তাহিতির। শেষ চারের টিকেট কাটতে হলে জিততে হবে উরুগুয়েকেও। স্পেন সর্বশেষ ম্যাচে তাহিতিকে গোল বন্যায় ভাসিয়ে দিয়ে এবং দুই জয়ের সুবাদে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। তারপরও সেমিফাইনাল নিশ্চিত নয় স্পানিয়ার্ডদের। তবে তাদেরকে টপকানো কঠিনই হবে বাকি তিন দলের জন্য। কারণ, স্পেনকে বিদায় করতে হলে নাইজেরিয়াকে চার গোলের ব্যবধানে জিততে হবে বিশ্ব ও ইউরোপীয়ান শিরোপাধারীদের বিরুদ্ধে। কাজেই স্পেনের উত্তরণ নিশ্চিত ধরে নিলেও তাদের সঙ্গী কারা হচ্ছে সেটি জানতে অপেক্ষা করতে হবে উরুগুয়ে ও তাহিতির খেলাটি শেষ না হওয়া পর্যন্ত। কারণ, কাগজে কলমে সেমিফাইনালের সম্ভাবনা আছে তিন দলেরই। কিন্তু, তাহিতি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারাবে এমন সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে, স্পেনের বিরুদ্ধে জিততেই হবে আফ্রিকান চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে। আবার উরুগুয়ে যদি তাহিতিকে বড় ব্যবধানে হারায় তাহলে জিতেও বাদ পড়তে পারে সুপার ঈগলরা। বোঝাই যাচ্ছে কঠিন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে নাইজেরিয়ার সেমিফাইনাল ভাগ্য। তবে হারার আগেই হারতে নারাজ দলের কোচ স্টিফেন কেশি। আফ্রিকান নেশন্স কাপ জয়ী কোচ তাই এখনই আশা হারাচ্ছেন না। কেশি বলেন, ‘অবশ্যই আমাদের সম্ভাবনা এখনই শেষ হয়ে যায়নি। ৯০ মিনিট পুরোপুরি শেষ না হওয়ার আগে আপনি বলতে পারেন না কি ঘটতে যাচ্ছে।’ এক্ষেত্রে, কেশিকে আশা যোগাতে পারে একটি তথ্য। কোন আফ্রিকান দেশের বিরুদ্ধে স্পেনের সর্বশেষ হারটিতে জড়িত এই নাইজেরিয়ার নাম। যদিও সেটি এসেছিল প্রায় ১৫ বছর আগে ১৯৯৮’র বিশ্বকাপে। স্পেনের শেষ চারে যাওয়া অনেকটা নিশ্চিত হলেও প্রতিপক্ষকে মোটেই ছাড় দিতে রাজি নয় দলটি। কোচ ভিসেন্তে ডেল বস্কের দলের চেলসি মিডফিল্ডার হুয়ান মাতা বলেন, ‘আমাদের লক্ষ্য গ্রুূপ চ্যাম্পিয়ন হওয়া। আপাতত এটা নিয়েই ভাবছি আমরা। শিরোপা জিততেই আমরা ব্রাজিল এসেছি এবং এই মুহূর্তে আমরা সঠিক পথেই আছি।’ উরুগুয়ের তারকা খচিত আক্রমণভাগ অবশ্য তুলনামূলক বিচারে দুর্বল তাহিতিকে সামনে পেয়ে আনন্দিতই হবে। ডিয়েগো ফোরলান, লুইস সুয়ারেজরা আছেন দারুণ ফর্মে। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তারাই। নাপোলির স্ট্রাইকার এডিনসন কাভানিও ক্লাবের হয়ে কাটিয়েছেন দুর্দান্ত একটা মৌসুম। এর পাশাপাশি অধিনায়ক ডিয়েগো লুগানোর নেতৃত্বাধীন জমাট রক্ষণ সহজ জয়েরই স্বপ্ন দেখাচ্ছে উরুগুয়েকে।