বাংলাদেশি ব্যবসায়ীরা ৫০ হাজার টাকা ল্যাপটপ ফোন মিয়ানমারে নিতে পারবেন

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:৪৮
টেকনাফে এক বছর পর বাংলাদেশ-মিয়ানমার বর্ডার ট্রেড জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টেকনাফ সি-বিচ সংলগ্ন হোটেল সেন্ট্রাল রিসোর্টের সম্মেলন কক্ষে দুদেশের প্রতিনিধিদলের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নাফ নদী পার হয়ে সকালে ১৭ সদস্যের মিয়ানমার প্রতিনিধিদল টেকনাফ বন্দর ইমিগ্রেশনে পৌঁছে। বাংলাদেশের ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) সৈয়দ মো. নূরুল বশির। মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্যিক দপ্তরের সহকারী পরিচালক সুচে উইং মং। অতিরিক্ত জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, রবিবার থেকে বাংলাদেশ ব্যবসায়ীরা নগদ ৫০ হাজার টাকা, ল্যাপটপ ও মোবাইল সেট মিয়ানমারে নিতে পারবেন। মিয়ানমার সিটওয়ে আকিয়াব শহরে যেতে ১৫ দিনের অনুমতি চাওয়া হলে তা ৩ দিনের অনুমতি দেয়ার কথা হয়েছে। দুদেশে জাহাজ ও বিমান যাতায়াতের ব্যাপারে আলোচনা হয়েছে। আগামী সেপ্টেম্বরে মংডু শহরে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।