বগুড়ার পরিত্যক্ত ট্রাক থেকে দুই জনের লাশ উদ্ধার

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:৪৮
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পরিত্যক্ত একটি ট্রাক থেকে দুই জনের লাশ এবং এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্লি গোপালপুর গ্রামের দেলশাদ দিপু (২৩) ও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কান্দা গ্রামের আজাদ (২৪)। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে কোন এক সময় বগুড়া শহরের বনানীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং শাহ আলম নামের এক যুবক আহত হয়। এসময় ট্রাকের চালক তাদেরকে ট্রাকে তুলে নিয়ে দুপচাঁচিয়া উপজেলা বাসস্ট্যান্ডে ফেলে রেখে পালিয়ে যায়। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকেরা ট্রাক থেকে রক্ত চুইয়ে পড়তে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ট্রাক থেকে তাদেরকে উদ্ধার করে। আহত শাহ আলমকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিত্সকরা জানিয়েছেন। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতাল মর্গে নেয়া হয়েছে ।