আগামী পাঁচ বছর হোল্ডিং ট্যাক্স বাড়বে না

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:৫১
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে আপনাদের বাড়ির হোল্ডিং ট্যাক্স বাড়ানো হবে না। দুর্নীতিমুক্ত রাজশাহী মহানগরী গড়তে আমরা সাধ্যমত চেষ্টা চালিয়ে যাব। নগরীর ১৫ নং ওয়ার্ড ১৮ দলীয় জোটের আয়োজনে নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন ও শুভেচ্ছা সভায় গত শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা সেমি ফাইনালে বিজয়ী হয়েছি। জাতীয় নির্বাচনের ফাইনালেও বিজয়ী হতে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এ সরকারের দুর্নীতি, অত্যাচার থেকে দেশকে করতে হবে মুক্ত। ভোটের মাধ্যমে জানিয়ে দিতে হবে দেশের শান্তিপ্রিয় মানুষ আর এ সরকারকে চায় না। ১৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আব্দুস সোবাহান লিটন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সামসুন নাহার, শাহ মখদুম থানা বিএনপির সভাপতি আব্দুল মতিন ও ওয়ার্ড জামায়াত সভাপতি আশরাফুল দৌলা।