রাজাপুরে বিএনপির মিছিলে পুলিশের বাধা গুলি লাঠিচার্জ

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:৫১
রাজাপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দুই দফা সংঘর্ষ হয়। পুলিশ নেতাকর্মীদের ওপর কাঁদানে গ্যাস ও কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। পুলিশের লাঠিচার্যে বিএনপির ২৫ নেতাকর্মী আহত হয়েছে। এসময় রাজাপুর থানায় ইট পাটকেল নিক্ষেপ করে থানা ভবনের গ্লাস ভাংচুর করে বিএনপির নেতাকর্মীরা। এতে রাজাপুর থানার এসআই আতিকুর রহমান আহত হন। এ ঘটনায় রাজাপুর থানা পুলিশ ১৯ নেতাকর্মীকে আটক করেছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজাপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলখানা এলাকায় গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস ও গুলিবর্ষণ করে। পরে পুলিশ পিছু হটলে মিছিলটি পুনরায় মেডিক্যাল মোড় ও বাগরি বাজার হয়ে রাজাপুর থানার সামনে আসলে পুলিশ তাতে বাধা দিলে পুনরায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ থানায় আশ্রয় নিলে রাজাপুর থানায় ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। এতে রাজাপুর থানার নবনির্মিত ভবনের বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়। পরে পুলিশ পুনরায় একত্রিত হয়ে ধাওয়া করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় অভিযান চালিয়ে যুবদলের সাবেক সভাপতি মাসুম মোল্লাসহ ১৯ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় উপজেলা শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মোড়ে মোড়ে পুলিশ টহলসহ রাজাপুর থানায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।