সরকারি দলের অশালীন মিথ্যাচার বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:৫৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সংসদে বিরোধীদলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে সরকারি দলের অশালীন মিথ্যাচার বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না। সরকারি দলের সংসদ সদস্যরা অশালীন ভাষায় কথা বলে এমন অবস্থার সৃষ্টি করেছেন, যাতে বিরোধীদল ওয়াকআউট করতে বাধ্য হয়েছে। আমরা সংসদকে প্রাণবন্ত করতে চাই। চলতি অধিবেশনের শেষ দিন পর্যন্ত আমরা সংসদে থাকবো। গতকাল শনিবার নোয়াখালী কবিরহাট পৌর মিলনায়তনে উপজেলা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। ফখরুল ইসলাম দুলালের সভাপতিত্বে সভায় হাসনা জসিম উদ্দিন মওদুদ বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে কামরুল হুদা চৌধুরী লিটন, মোস্তাফিজুর রহমান মঞ্জু, নাজমুল হুদা ফরহাদ, মিজানুর রহমান ও আবদুর রহিম চেয়ারম্যান প্রমুখ বক্তব্য রাখেন। ব্যারিস্টার মওদুদ বলেন, চার সিটি করপোরেশন নির্বাচনে গণরায়ের যে বিস্ফোরণ ঘটেছে, তাতে দেশের মানুষ আগামী সংসদ নির্বাচন একটি নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেখতে চায়। সরকারের উচিত এ মুহূর্তে জনগণের ম্যান্ডেট অনুযায়ী নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য সংবিধান সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা। তিনি আরো বলেন, কোন দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য সুনির্দিষ্ট এজেন্ডা স্থির করে সরকার আলোচনার জন্য আমন্ত্রণ জানালে তা আমরা সানন্দে গ্রহণ করবো। কিন্তু এ বিষয়ে সরকার অনমনীয় থাকলে আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায়ে বাধ্য করা হবে।