গোপালগঞ্জের কাশিয়ানীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’ গ্রামের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। শনিবার রাত ৮টার দিকে কাশিয়ানী উপজেলার তারাইল বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মারাত্মক আহত তৈয়াবুর রহমানকে খুলনা, আলা আমিন, পলাশ মুন্সি ও নাসির লস্কারকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশিয়ানী থানার ওসি মনির হোসেন জানান,শনিবার বিকেলে ফুকরা বড় মাঠে তারাইল ও ফুকরা গ্রামের মধ্যে ফুটবল খেলার সময় খেলোয়াড়দের বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ফুকরা গ্রামের লোকজন তারাইল বাজারে হামলা করে। তারাইল গ্রামের লোকজন প্রতিরোধে এগিয়ে আসলে দু’ গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
