আফ্রিদি-ইউনিসের কথা বিবেচনা করছে পাকিস্তান

আপডেট : ২৩ জুন ২০১৩, ২১:৪৭
দুঃস্বপ্নের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসন্ন ওয়েষ্ট ইন্ডিজ সফরে ‘বাতিল’ হওয়া অলরাউন্ডার শহিদ আফিদি এবং অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানকে দলে ফেরানোর কথা বিবেচনা করছে বলে জানা গেছে। এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত খবরানুযায়ী, একজন স্পিন বোলার হিসাবে তার সক্ষমতা রয়েছে এমনটা বিবেচনা করা সত্ত্বেও ভারতে ওয়ানডে সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফিসহ গত ছয় মাসে দুবার দল থেকে বাদ পড়েন আফ্রিদি। মাঝে অবশ্য দক্ষিণ আফ্রিকা সফরে দলে ডাক পেলেও পারফরমেন্স ছিল হতাশাজনক। দলের সিনিয়র ব্যাটসম্যানরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হওয়ার পর দল নির্বাচন বিষয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছেন নির্বাচকরা। বোর্ড প্রধানের পদটি খালি থাকা সত্ত্বেও অলরাউন্ডার আফ্রিদিকে এবং ইউনিস খানকে দলে ফেরানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানান এক নির্বাচক। এমনকি দক্ষিণ আফ্রিকা সফরে ভাল করার কথা বিবেচনা করে দলে সুযোগ দেয়া সাবেক অধিনায়ক শোয়েব মালিকও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছে। তাই দীর্ঘ বিশ্রামের পর সে হয়তো তার ছন্দ ফিরে পেয়েছে এবং তার অভিজ্ঞতার কথা বিবেচনা করে বোর্ড আফ্রিদির কথা বিবেচনা করছে। ঐ নির্বাচক বলেন, আফ্রিদি, ইউনিস ছাড়া আহমেদ শেহজাদ ও হাম্মাদ আজমের কথাও বিবেচনা করা হচ্ছ। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোন আলোচনা হয়নি বলেও জানান তিনি। -বাসস