গ্রেফতার এড়াতে রাশিয়া গেলেন স্নোডেন

আপডেট : ২৩ জুন ২০১৩, ২২:৫৯
মার্কিন গোপন গোয়েন্দা নজরদারির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন গ্রেফতার এড়াতে রাশিয়া গেছেন। গতকাল রবিবার তিনি রাশিয়ার মস্কো বিমানবন্দরে পৌঁছান। তবে তিনি রাশিয়াই অবস্থান করবেন কিনা সেই বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। খবর বিবিসি ও রয়টার্সের। স্নোডেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও তাকে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিকভাবে হংকংয়ের কাছে যুক্তরাষ্ট্রের আবেদনের প্রেক্ষাপটে তার হংকং ত্যাগের খবর পাওয়া গেল। হংকং সরকারের মুখপাত্র জানান, স্নোডেনকে গ্রেফতার করার জন্য যুক্তরাষ্ট্র আমাদের অনুরোধ জানিয়েছিল। তবে তাকে গ্রেফতার করার মত পর্যাপ্ত নথিপত্র হংকংকে সরবরাহ করা হয়নি। আর যেহেতু হংকংয়ের আইন অনুযায়ী স্নোডেনের বিরুদ্ধে পরোয়ানা জারির কোনো কারণ ঘটেনি, সেহেতু তাকে হংকং ত্যাগে বাধা দেয়ারও কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, স্নোডেনের হংকং ত্যাগের খবর যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, স্নোডেন এরোফ্লতের এসইউ-২১৩ ফ্লাইটে মস্কোর উদ্দেশে গেছেন। ধারণা করা হচ্ছে, স্নোডেন শেষ পর্যন্ত ইকুয়েডরে আশ্রয় নিতে পারেন। রাশিয়ার একটি বেসরকারি টেলিভিশন জানিয়েছে, রাশিয়ার ভিসা না থাকার কারণে স্নোডেনকে বিমানবন্দরেই রাত কাটাতে হবে। তবে স্নোডেন বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণ আগে ইকুয়েডর দূতাবাসের একটি গাড়ি বিমানবন্দরে যেতে দেখা গেছে। আজ সোমবার তিনি কিউবা যেতে পারেন। এরপর ভেনিজুয়েলা এবং শেষ পর্যন্ত ইকুয়েডরই হতে পারে তার সর্বশেষ গন্তব্যস্থল।