টেনিস সম্পর্কে আপনি কতটা খোঁজখবর রাখেন তা বলা মুশকিল। তবে একটি টেনিস ম্যাচে যে বড়জোর দুই থেকে চারজনের বেশি খেলতে পারে না সেটা বোধকরি কমবেশি সবারই জানা আছে। কিন্তু যেখানে প্রথাগত এই নিয়ম মানার অতটা তাগিদ নেই ঠিক সে রকম এক প্রদর্শনী ম্যাচেই সম্প্রতি একে একে মোট ৭২ জন খেলোয়াড় অংশ নিয়ে সবচেয়ে বেশি মানুষের কোনো টেনিস ম্যাচ খেলার রেকর্ড গড়ে ইতালির ফন্ডাজিওন আন্দ্রেয়া রোসাতো নামের একটি সংগঠন। প্রদর্শনী এই ম্যাচে এক সাথে প্রথমে চারজন খেলতে নামলেও প্রতিটি সেটে যে দু’জন হেরে যান তাদের পরিবর্তে খেলতে নামেন নতুন আরও দু’জন। আর এভাবে আঠারো সেট ও নয় ঘণ্টা পাঁচ মিনিট স্থায়ী এই ঐতিহাসিক খেলায় অংশ নেন সবমিলিয়ে ৭২ জন এবং খেলার ফলাফল দাঁড়ায় ১১-৭ সেটে এক পক্ষের জয়।
