নওগাঁ-নাটোর সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ

আপডেট : ২৫ জুন ২০১৩, ২০:৪৯
নওগাঁর আত্রাই উপজেলা সদরের স্টেশনের পাশে রেল সেতু সংলগ্ন একমাত্র বেইলি ব্রিজের পাটাতন দেবে গিয়ে নওগাঁ-নাটোর সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনার পর থেকে স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তবে সতর্কতার সাথে হালকা যানবাহন চলাচল করতে পারবে বলে ঘোষণা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাধিক সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে নাটোরগামী পাথর বোঝাই একটি ট্রাক ব্রিজের মাঝামাঝি পৌঁছার পর পর ব্রিজের পাটাতনের একটি অংশ দেবে নাট-বল্টু খুলে পড়ে। লোকজন চিত্কার করলে চালক ওই অবস্থায় দ্রুত ট্রাক চালিয়ে পালিয়ে যায়। খবর পাওয়ার পর পর উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরি কুবির নেতৃত্বে স্থানীয় একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।