সিআইএ’র সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর এড়াতে রাশিয়া ও চীন সহায়তা করলে তা হবে অত্যন্ত ‘হতাশাজনক’। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি আরোপ করে বলেছে, এ ধরনের পদক্ষেপে উভয় দেশের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটাবে। যুক্তরাষ্ট্র বলেছে, হোয়াইট হাউস বিশ্বাস করে যে হংকং থেকে আসার পর এখনো স্নোডেন মস্কোতেই রয়েছেন।
সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, স্নোডেনকে ইচ্ছাকৃতভাবে বিমানে তুলে দিয়ে পালিয়ে যেতে সহায়তা করলে তার পরিণতি ভালো হবে না।
স্নোডেনকে ফেরত পেতে যুক্তরাষ্ট্র তত্পরতা শুরু করার পর হংকং ছেড়ে মস্কোয় আশ্রয় নেন তিনি। সেখান থেকে কিউবা এবং ভেনেজুয়েলা হয়ে স্নোডেন ইকুয়েডরে যাবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু রাশিয়া স্নোডেনের অবস্থান জানা থাকার কথা অস্বীকার করেছে এবং তাকে ফেরত দেয়ার যুক্তরাষ্ট্রের আহ্বানও অগ্রাহ্য করেছে। স্নোডেন এখন কোথায় তা স্পষ্ট নয়। তিনি মস্কো বিমানবন্দরের একটি হোটেলে রাত কাটিয়েছেন বলে মনে করা হচ্ছে। ইকুয়েডর জানিয়েছে, স্নোডেন সেখানে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন।
যুক্তরাষ্ট্র চায় রাশিয়া ছাড়ার আগেই স্নোডেনকে হস্তান্তর করা হোক। কেরি মস্কোকে আইনের মানদণ্ড অনুযায়ী কাজ করতে বলেছেন। মস্কো থেকে স্নোডেনের লাতিন আমেরিকার কোনো দেশে যাওয়ার খবর প্রকাশের পর তাকে আশ্রয়-প্রশ্রয় না দিতে বিভিন্ন দেশকে সতর্ক করে ওবামা প্রশাসন। প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, স্নোডেনকে ফিরিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্র সবধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করছে। স্নোডেনকে হস্তান্তরের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সাথে তার কোন কথা হয়েছে কিনা, সে সম্পর্কে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দেননি ওবামা।
রুশ এয়ারলাইন অ্যাইরোফ্লোটের এক কর্মকর্তা জানিয়েছেন, মস্কো থেকে কিউবার রাজধানী হাভানার সোমবারের একটি ফ্লাইটে স্নোডেনের জন্য টিকিট কেনা হয়েছে। লাতিন আমেরিকার দেশ কিউবা, ইকুয়েডর, ভেনেজুয়েলায় বামপন্থীরা ক্ষমতায়, ‘সাম্রাজ্যবাদের’ বিরুদ্ধে রয়েছে যাদের শক্ত অবস্থান। এ পরিস্থিতিতে স্নোডেনকে ঢুকতে না দেয়ার জন্য উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোকে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে। তিনি বলেন, তাকে যুক্তরাষ্ট্রের কাছে ফেরত না দিয়ে আর কোনো দেশে ভ্রমণের অনুমতি দেয়া উচিত হবে না।
এদিকে স্নোডেন সুস্থ এবং নিরাপদে আছেন বলে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ দাবি করেছেন। সোমবার তিনি এ কথা বলেন। স্নোডেন কোথায় আছেন সে সম্পর্কে কিছু না বলে অ্যাসাঞ্জ বলেন, স্নোডেন এবং তার দলের এক সদস্য ওইদিন একত্রে ভ্রমণ করেছিলেন। তিনি আরো বলেন, সেদিনই তার বিমানে করে কিউবা যাওয়ার কথা। তবে সাংবাদিকরা জানিয়েছেন, যে প্লেনে করে তার যাওয়ার জন্য আসন নির্দিষ্ট ছিল তা খালি দেখা গেছে। হোয়াইট হাউস পরবর্তীতে বলেছে যে,তারা বিশ্বাস করে যে, স্নোডেন রাশিয়াতেই আছে এবং তারা আশা করছেন যে রাশিয়া স্নোডেনকে প্রত্যর্পণে সহায়তা করবে।
