ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের মাত্র একদিন আগে জঙ্গি হামলায় আট সরকারি সেনা নিহত এবং ১৩ জন আহত হয়েছে। মঙ্গলবার দু’দিনের জন্য জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর সফরে যাওয়ার কথা মনমোহনের। সোমবার শ্রীনগরের বেমিনা এলাকায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় জঙ্গিরা। এসময় এই হতাহতের ঘটনা ঘটে। এক শীর্ষ সেনা কর্মকর্তা জানিয়েছেন, শ্রীনগর বিমানবন্দরের পথে যাওয়ার সময় সেনাবাহিনীর গাড়ির দু’পাশ থেকেই গুলি চালায় বন্দুকধারীরা। তারপর সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় শ্রীনগরের অন্যান্য জায়গায়ও হামলা গুলিবর্ষণ করে তারা। কাশ্মীরভিত্তিক জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদীন এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
জানা গেছে, হামলার পর সেনাবাহিনী ওই এলাকা চারপাশ থেকে ঘিরে রেখেছে। হামলায় ব্যবহূত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, এর আগে শনিবার শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিটে সন্ত্রাসীদের হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়।
