মধুপুর থেকে অপহূত শ্রমিক নেতা শেরপুরে উদ্ধার

আপডেট : ২৫ জুন ২০১৩, ২০:৫৩
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় র্যাব পরিচয় দিয়ে ৩ লাখ টাকাসহ এক শ্রমিক নেতাকে অপহরণ করার ৮ ঘন্টা পর শেরপুর জেলাসদর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। মধুপুর থানা পুলিশ জানায়, মধুপুর উপজেলার জলছত্র কুলিশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নূরুল ইসলাম গত রবিবার বেলা সাড়ে ১২ টায় সোনালী ব্যাঙ্ক থেকে তিন লক্ষ টাকা তুলে টেম্পুযোগে জলছত্র বাজার যাওয়ার পথে অরণখোলা পুলিশ ফাঁড়ির অদূরে মাইক্রোযোগে একদল লোক র্যাব পরিচয়ে টেম্পুর গতিরোধ করে তাকে নামিয়ে নিয়ে যায়। মধুপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে গত রবিবার গভীর রাতে শেরপুর জেলা সদরের ডাকাতিয়া বটগাছ এলাকা থেকে হাত পা ও চোখ বাঁধা অবস্থায় ওই এলাকার লোকজন শ্রমিকনেতা নূরুল ইসলামকে উদ্ধার করে মধুপুর থানা পুলিশকে খবর দেয়। নূরুল ইসলাম জানান, র্যাব পরিচয়ে টেম্পুর গতিরোধ করে কালো পোশাকধারী কিছু লোক থানায় মামলা আছে বলে হ্যান্ডকাপ পরিয়ে মাইক্রোতে তুলে হাত পা ও চোখ বেঁধে নিয়ে যায়। পরে মারধোর করে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে মধুপুর থেকে ৫৫ কিলো দূরে শেরপুর শহরের সন্নিকটে তাকে ফেলে দিয়ে চলে যায়। সোমবার মধুপুর থানায় মামলা হয়েছে।