পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সোমবার বলেছেন, সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে দেশদ্রোহের মামলায় বিচারের মুখে দাঁড়াতে হবে। সংবিধানের ৬ আর্টিকেলের আওতায় এ বিচারের জন্য নওয়াজ সুপ্রিম কোর্টের কাছে লিখিত অনুরোধ জানানোর স্পষ্ট ইঙ্গিত দেন। স্বেচ্ছা নির্বাসন থেকে নির্বাচনে অংশ নিতে এ বছরের শুরুর দিকে পাকিস্তানে ফিরে আসা মোশাররফ এখন গৃহবন্দি। শরীফ বলেন, “মোশাররফ যে দোষ করেছেন তা তাকে আদালতের সামনে স্বীকার করতে হবে”। ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মধ্যদিয়ে শরীফকে উত্খাতের পর মোশাররফ তার শাসনামলে নানা অপকর্মের জন্য একাধিক মামলা লড়ছেন।
