স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন কচুয়া উপজেলার অন্যতম ব্যস্ততম কচুয়া-তেতৈয়া রাস্তার বেহাল দশা। বিশেষ করে কচুয়া সদরের সাব-রেজিস্ট্রি অফিস থেকে উত্তর কচুয়া মুন্সি বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। কোন কোন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে যার গভীরতা এক থেকে দেড় ফুট পর্যন্ত। এ ভাংচুর রাস্তা দিয়ে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। রাতের অন্ধকারে পথচারীরা রাস্তার এ অংশ পায়ে হেঁটেও পারাপার হতে পারছে না। প্রতিদিনই কোন না কোন স্থানে যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে থাকে। গত দু’মাসে সিএনজি ও রিকশা দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ২০ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া জরাজীর্ণ ও বর্তমান রাস্তা পারাপার হতে গিয়ে সিএনজির ট্যাংগি, কাপ, এক্সেল, স্টাডিং ও রিকশার রিং, এক্সেল নষ্ট হয়ে যাচ্ছে। একটুখানি বৃষ্টি হলে দ্বিগুণ তিনগুণ ভাড়া দিতে বললেও সিএনজি ও রিকশার ড্রাইভাররা যাত্রী পারাপারে সম্মত হয় না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এ সমস্যা দেখার যেন কেউ নেই।
