মোহনগঞ্জ সার্ভার স্টেশন উদ্বোধন
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা \ বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচনে সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সোমবার মোহনগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের সার্ভার স্টেশন উদ্বোধন করা হয়েছে। সার্ভার স্টেশন উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রি:জে:(অব:) মো: জাবেদ আলী। উপস্থিত ছিলেন, মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো: শহীদ ইকবাল, নির্বাহী অফিসার মুহা. মিজানুর রহমান সরকার, পৌর মেয়র মাহবুবুন্নবী শেখ, উপজেলা নির্বাচন অফিসার সজল চন্দ সরকার প্রমুখ।
ধামরাইয়ে বিএনপির সমাবেশ
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ শনিবার বিএনপি কেন্দ ীয় নির্বাহী কমিটির সদস্য, ধামরাই থানা বিএনপির সভাপতি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব তমিজ উদ্দিনের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে উপজেলা শহরে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। তবে ধামরাই কিংবা কালামপুর, কোথাও ব্যারিস্টার জিয়াউর রহমান খানকে দেখা যায়নি।
পাবনার আতাইকুলায় চরমপন্থী সদস্য খুন
পাবনা প্রতিনিধি \ পাবনার আতাইকুলায় আনিসুর রহমান আনিস (২৮) নামের এক চরমপন্থী সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত আনিস জেলার আতাইকুলা থানার বাওইকোলা গ্রামের মৃত তাছের উদ্দিনের ছেলে। নিহত আনিস চরমপন্থী সংগঠন ‘বাহিনী’র সদস্য ছিলেন। তার বিরুদ্ধে আতাইকুলা থানায় একটি হত্যা এবং ফরিদপুর থানায় একটি হত্যা ও একটি ডাকাতি মামলা রয়েছে।
মহেশপুরে নারী সমাবেশ ও আলোচনা সভা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ রবিবার ঝিনাইদহের মহেশপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন কক্ষে ব্র্যাক ওয়াস কর্মসূচির সহযোগিতায় নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিং (WASH) কর্মসূচীর নারী সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছিমা খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মাহিলা ভাইস-চেয়ারম্যান আশরাফুন্নাহার শিউলী।
গৌরনদীতে কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের গৌরনদী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা চত্বরে তিন দিনব্যাপী ফলদ, বনজ কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল-১ আসনের এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহআলম খান।
গৌরীপুরে যুবকের মৃত্যু
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার গাজীপুর বাসস্ট্যান্ডে মঙ্গলবার বিআরটিসি’র বাসের ধাক্কায় রইছ উদ্দিন (২৩) নামে এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়। সে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের পানাটি গ্রামের মৃত মেঘার ছেলে।
নবীনগর পৌরসভার বাজেট ঘোষণা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার হলরুমে সোমবার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম নাজিমউদ্দিন আনুষ্ঠানিকভাবে ২০১৩-১৪ অর্থবছরের জন্য ২১ কোটি ০৬ লাখ ৯১ হাজার ৭৫৪ টাকা ৪৩ পয়সা উন্নয়ন বাজেট ঘোষণা করেন।
শেরপুরে স্বাস্থ্য পুষ্টি ও নিরাপত্তা প্রকল্পের সমন্বয় সভা
শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিদ্যালয়সমূহের সামগ্রিক উন্নয়নে স্বাস্থ্য,পুষ্টি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের উপজেলা সমন্বয় সভা সোমবার শেরপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। শেরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বজিত কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম।
লোহাগাড়ায় আওয়ামী লীগের সম্মেলন
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে উপজেলার ৯টি ইউনিয়নে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা তাদের পছন্দের লোকজন নিয়ে কাউন্সিলরদের দ্বারে দ্বারে যাচ্ছে। ২৯ জুন বিকেলে স্থানীয় সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে সম্মেলনের ১ম অধিবেশন, ৩০ জুন চট্টগ্রাম শহরে ২য় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হবেন। এদিকে সম্ভাব্য সভাপতি প্রার্থী পদে এড. হুমায়ুন কবির রাসেল, ওমর ফারুক ও আলহাজ্ব খোরশেদ আলম চৌধুরী এবং সম্পাদক পদে আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী, নুরুচ্ছফা কোম্পানি, জান মোহাম্মদ সিকদার, মো. আনিসউল্লাহ, এস.এম আবদুল জব্বার, নাজমুল হাসান মিন্টু ও সালাহউদ্দিন হিরু প্রমুখের নাম আসছে।
ঠাকুরগাঁও সিএইচপিসিদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইজারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার শহরের চৌরাস্তায় জেলা সিএইচপিসি এসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দুর্গাপুরে প্রজনন স্বাস্থ্য বিষয়ক মতবিনিময়
দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা \ নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ইউবিআর প্রকল্পের আয়োজনে সোমবার ডিএসকের হলরুমে জিও/এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের উপস্থিতিতে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না ৯ম শ্রেণির ছাত্র তারিফুল ইসলামের। সোমবার উপজেলা সদরের হাজী বয়েনউদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ওই ছাত্র পরীক্ষা দিয়ে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে একটি অজ্ঞাতনামা ঢাকাগামী কোচ ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই ছাত্র মারা যায়।
ময়মনসিংহ নার্সিং কলেজে ৬-দফা দাবিতে ধর্মঘট
ময়মনসিংহ সংবাদদাতা \ সোমবার নার্সিং পেশার মানোন্নয়নের লক্ষ্যে চার বছর মেয়াদী বিএসসি-ইন-নার্সিং কোর্স শেষে ইন্টার্নশীপ চালু ও মাসিক বৃত্তি তিন হাজার টাকায় উন্নীতকরণসহ ৬-দফা দাবিতে ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে অবস্থান ধর্মঘট করে ও তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
ভাঙ্গুড়ায় নববধূর আত্মহত্যা
ভাঙ্গুড়া(পাবনা) সংবাদদাতা \ উপজেলার ঝিকলকতি গ্রামে হাসি খাতুন (১৮) নামের এক নববধূ সোমবার গাছের ডালের সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। হাসির পিতা মমিন প্রামাণিক জানান, সম্প্রতি একই গ্রামের তিন সন্তানের জনক আক্তার হোসেন (৪০) এর সাথে মেয়ের বিয়ে হয়।
স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক ওয়ার্কশপ
পীরগঞ্জ(রংপুর) সংবাদদাতা \ রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অ্যাডভোকেসী ওয়ার্কশপ হয়েছে। উপজেলা প্রশাসন ও ব্র্যাকের ওয়াশ কর্মসূচির যৌথ উদ্যোগে সোমবার ওই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সমাজসেবা কর্মকর্তা মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওছার জাহান, যুবউন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ।
