১৮৮৫ সালে নারায়ণগঞ্জ পৌরসভার উদ্যোগে তাদের নিজস্ব ভূমিতে নারায়ণগঞ্জ হাইস্কুলের প্রতিষ্ঠা। সে সময় নারায়ণগঞ্জে মাদ্রাসা, টোল থাকলেও ইংরেজি তো দূরের কথা, বাংলা শিক্ষারও কোনো স্কুল ছিল না। বলা চলে, এটিই গোটা নারায়ণগঞ্জ জেলায় বাংলা ও ইংরেজি শিক্ষার প্রথম স্কুল এবং একমাত্র এন্ট্রান্স স্কুল। আর তাই এ স্কুলকে কেন্দ্র করেই প্রায় দীর্ঘ সময় পরিচালিত হয়েছে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও জাতীয় কর্মকাণ্ড। মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি, ফরোয়ার্ড ব্লক, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মেলন-জনসভাসহ নানা কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়েছে এই স্কুলের বিস্তৃত প্রাঙ্গণে। শিক্ষা সম্মেলন ও সাহিত্য সম্মেলনও হয়েছে। এখানে এসেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ড. মুহম্মদ শহীদুল্লাহসহ অনেকেই।
১৯২৬ সালে আগরতলা থেকে চাঁদপুর হয়ে স্টিমারে কবি নারায়ণগঞ্জে আসেন। ২৭ ফেব্রুয়ারি সকাল নয়টা নাগাদ তিনি নারায়ণগঞ্জে এসে পৌঁছান। নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্ররা স্টিমারঘাটে কবিকে এবং তাঁর দলের সবাইকে অভ্যর্থনা জানায়।।
