গ্যাস ও বিদ্যুত্ সঙ্কটে নারায়ণগঞ্জবাসীর নাভিশ্বাস

আপডেট : ২৫ জুন ২০১৩, ২১:২৫
গ্যাসের তীব্র সঙ্কট ও বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের সঙ্গে দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতিতে স্বস্তি নেই নারায়ণগঞ্জবাসীর। এ সঙ্কট অব্যাহত থাকলে রমজান মাসে নারায়ণগঞ্জে বড় ধরনের গণবিস্ফোরণের আশঙ্কা রয়েছে। সম্প্রতি শহরের বাবুরাইল, দেওভোগ ও এর আশপাশ এলাকার কয়েক হাজার নারী পুরুষ বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমে আসে। তারা মণ্ডলপাড়া বিদ্যুত্ কেন্দ্র ভাংচুরের জন্য জড়ো হয়ে মিছিল বের করলে মুরুব্বীরা তাদের শান্ত করেন। গ্যাস ও বিদ্যুত্ সঙ্কটের কারণে শিল্প কারখানাগুলোতেও তৈরি হয়েছে অচলাবস্থা। ইতিমধ্যে শিল্পাঞ্চলের অন্তত তিন শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে। এই তিন সমস্যায় জর্জরিত নারায়ণগঞ্জবাসী ক্রমশ ফুঁসে ওঠছে। গ্যাসের অভাবে শিল্প কারখানাগুলোতেও তৈরি হয়েছে অচলাবস্থা। মাসদাইর, দেওভোগ, কাশিপুর, বাবুরাইল, পাইকপাড়া, শহীদ নগর, নলুয়াপাড়া, ভূঁইয়ারবাগ, চাঁনমারী, ইসদাইর, পশ্চিম মাসদাইর, জামতলা, দাতা সড়ক, ডনচেম্বার, খানপুর, ব্যাংক কলোনী, কলেজ রোড, আমলাপাড়া, টানবাজার, মিশনপাড়া, খানপুর প্রভৃতি এলাকায় দিনের বেশিরভাগ সময়ে গ্যাস থাকছে না। গ্যাসের অভাবে দিনের বেলাতেও রান্না করতে পারছেন না গৃহিণীরা। গ্যাসের ওপর উত্পাদন নির্ভরশীল ও ব্যবহূত হয় এমন কারখানায় উত্পাদন বন্ধ থাকায় দেখা দিয়েছে অচলাবস্থা। এ অবস্থা অব্যাহত থাকলে নারায়ণগঞ্জের অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে যাবে।