বিষাক্ত শিল্পবর্জ্যে মুমূর্ষু শীতলক্ষ্যা

আপডেট : ২৫ জুন ২০১৩, ২১:২৬
ক্রমেই মরে যাচ্ছে শীতলক্ষ্যা। শীতলক্ষ্যার স্বচ্ছ সুপেয় পানি শিল্প কারখানার বর্জ্যে এখন বিষাক্ত। তিন শতাধিক ডাইং কারখানার বর্জ্যে পানি দূষিত হয়ে বুড়িগঙ্গার মতো কালো রঙ ধারণ করেছে। পচা পানি উত্কট গন্ধ ছড়াচ্ছে। নদী পারাপারের সময় যাত্রীদের দম বন্ধ হয়ে আসে। দুর্গন্ধে নদীর পাড়ে বাস করাও কষ্টকর। জনশ্রুতি রয়েছে, ৪০-৫০ বছর আগে বিদেশ থেকে আসা পণ্যবাহী জাহাজগুলো যাওয়ার সময়ে এ নদীর পানি নিয়ে যেতো। কিন্তু বর্তমান প্রজন্মের কাছে এসব কথা বলা হলে তা হাস্যকর হবে বটে। কারণ আজ সেই ঐতিহ্যবাহী শীতলক্ষ্যার পাড় দিয়ে হাঁটতে হলে নাকে রুমাল চাপা দেয়া ছাড়া আর কোনো গতি থাকে না। কুচকুচে কালো পানির পচা পুঁতিময় দুর্গন্ধের কারণে নাকে রুমাল চাপা দিয়ে নদী পারাপার হতে হয়। শীতলক্ষ্যার দুই তীরে এখন আর গোসল করতে দেখা যায় না স্থানীয়দের। নারায়ণগঞ্জ, নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকার বিভিন্ন শিল্প বর্জ্যের কারণে দেশের দ্বিতীয় দূষিত নদী হিসেবে চিহ্নিত হয়েছে এটি।