রাজধানীর পাশে অবস্থিত বন্দর ও বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জের প্রাণ বলতে বোঝায় শহর ও বন্দর নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৫ আসন। এই আসনের এমপি হলেন আলহাজ্জ্ব নাসিম ওসমান। রাজনৈতিক পরিবারে বেড়ে উঠা নাসিম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলী ও পিতা একেএম সামসুজ্জোহা ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম। আওয়ামী লীগ আনুষ্ঠানিক ঘোষণার আগে খান সাহেব ওসমান আলীর বাসভবনে একাধিক বৈঠক হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সাথে এই পরিবারের ছিল ঘনিষ্ঠতা । রাজনৈতিক পরিবারে বেড়ে উঠা নাসিম ওসমান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করা ছাড়াও বঙ্গবন্ধুর মৃত্যুর পর যে কয়জন প্রতিরোধ গড়ে তুলেছিলেন, দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন নাসিম ওসমান তাদের অন্যতম। নাসিম ওসমানের মেঝো ভাই সেলিম ওসমান বিকেএমইএ-র সভাপতি । ছোট ভাই শামিম ওসমান সাবেক এমপি ও স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি নাসিম ওসমান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। নাসিম ওসমান এর আগেও এই আসন থেকে একাধিকবার এমপি নির্বাচিত হয়েছেন। নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শুরু করে বঙ্গবন্ধু সড়কের সংস্কার, শহরে সোডিয়াম বাতি লাগানোসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সৃষ্টিতে তার বিরাট ভূমিকা রয়েছে বলে দলীয় নেতার্কমীদের দাবি। শামিম ওসমান ১৯৯৬ সালে ফতুল্লা আসনে এমপি নির্বাচিত হওয়ার পর আটাশ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড করেছেন। নারায়ণগঞ্জের নদীর পূর্ব পারে অবস্থিত বন্দর উপজেলাটি ছিল অবহেলিত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এমপি নাসিম ওসমান শহরের উন্নয়নের পাশাপাশি বন্দরের উন্নয়নে বেশি গুরুত্ব দেন। বন্দরের রাস্তাঘাট, মসজিদ, মন্দির, স্কুল-কলেজ উন্নয়নে বেশি গুরুত্ব আরোপ করা হয়। নাসিম ওসমান জানান বিগত সাড়ে চার বছরে স্কুল-কলেজের উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেই সাথে রাস্তাঘাট উন্নয়নসহ বন্দর ও শহরবাসীর মধ্যে সেতু বন্ধন গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছি। নারায়ণগঞ্জের উন্নয়নে প্রধানমন্ত্রী প্রকাশ্য জনসভায় সিটি কর্পোরেশন ঘোষণার পর পরই এর কার্যক্রম শুরু হয়। তিনি অনেকটা অভিমানের সুরে বলেন, বিগত সাড়ে চার বছর বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাকে উন্নয়ন কর্মকান্ড করতে হয়েছে। সহস্রাধিক কোটি টাকার কাজ হলেও তা প্রচারের চাইতে আমার বিরুদ্ধে অপপ্রচার হয়েছে বেশি। তবে এ সরকারের মেয়াদকালেই এই আসনে এমন সব উন্নয়ন ঘটবে যা হবে দৃশ্যমান। তিনি বলেন, শত ষড়যন্ত্রও শীতলক্ষ্যা সেতু নির্মাণ বন্ধ রাখতে পারবে না। সৌদি আরবের অর্থানুকূলে পাঁচশত কোটি টাকা ব্যয়ে বন্দর ও শহরের মধ্যে মৈত্রী বন্ধন হিসেবে শীতলক্ষ্যা সেতুর কাজ আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হবে। সিদ্ধিরগঞ্জ থেকে চাঁদপুর পর্যন্ত রিভার বোট অচিরেই চালু হবে। নারায়ণগঞ্জে একটি আধুনিক পার্ক গড়ার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে। শীতলক্ষ্যা সেতু নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত বন্দর ও শহরের মধ্যে শীতলক্ষ্যা নদীতে ফেরি চালু সময়ের ব্যাপার মাত্র মন্তব্য করে এমপি নাসিম ওসমান বলেন, নারয়ণগঞ্জবাসী গ্যাসের সমস্যায় জর্জরিত। এই সমস্যা সমাধানে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। অচিরেই এই লক্ষ্যে ১৪ ইঞ্চি ব্যাসার্ধ পাইপের মাধ্যমে শহরে গ্যাস সরবরাহ করা হবে বরে মন্তব্য করে বলেন, ওয়াসাকে হটিয়ে নয় বরং ওয়াসা যাতে নগরবাসীর কল্যাণে বিশুদ্ধ ও পর্যাপ্ত পানি নামমাত্র মূল্যে সরবরাহ করে আমাদের সেই ব্যবস্থা করতে হবে। পরিশেষে তিনি আধুনিক নারায়ণগঞ্জ গড়তে মানুষের স্বার্থে দলীয় কোন্দল আর ব্যক্তিস্বার্থ ভুলে সবাইকে এক যোগে কাজ করাসহ ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
