রূপগঞ্জে প্রাথমিক শিক্ষা বিস্তারে কিন্ডারগার্টেনের ভূমিকা সন্তোষজনক

আপডেট : ২৫ জুন ২০১৩, ২১:২৭
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ১৫৭টি কিন্ডারগার্টেন প্রাথমিক শিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা রাখছে। তুলনামূলকভাবে এখানকার কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের ফলাফল সন্তোষজনক। এখানকার ৬-১০ বছর বয়সের শিশুরা শতভাগ স্কুলে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪টি কিন্ডারগার্টেন ছাড়া বাকি সবগুলো কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা শতভাগ পাস করছে। কিন্ডারগার্টেনের ৪৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য। রূপগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের কিন্ডারগার্টেনগুলোতে পাসের হার ও জিপিএ-৫ পাওয়াসহ ফলাফল সন্তোষজনক। তবে কয়েকটি কিন্ডারগার্টেন ছাড়া শিক্ষার্থীদের ভর্তি, মাসিক বেতন, টিউশন ফি, স্কুল ড্রেস, বই, খাতা, বার্ষিক ক্রীড়া ফিসহ প্রয়োজনীয় ফি সাধারণ মানুষের ক্ষমতার মধ্যেই রয়েছে। সদস্য প্রকাশিত সরকারি গেজেট অনুসারেই এখানকার অধিকাংশ কিন্ডারগার্টেন চলছে। কিন্ডারগার্টেনগুলোতে ডিগ্রী, অনার্স ও মাস্টার্স পাস শিক্ষার্থীরাই শিক্ষকতা করছেন। এ ক্ষেত্রে ভালো কোথাও চাকুরি হলেই তারা কর্মস্থল পরিবর্তন করছে। সেক্ষেত্রে কিন্ডারগার্টেনগুলো মাঝেমধ্যে সমস্যায় পড়ছে।